ইসরাইলের সঙ্গে সম্পর্কের চেষ্টা
এরবিল সম্মেলনের কঠোর সমালোচনা করল হিজবুল্লাহ
-
এরবিল সম্মেরনে অংশগ্রহণকারীদের একাংশ
সম্প্রতি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সুপারিশ করে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তার কঠোর সমালোচনা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
গতকাল (সোমবার) হিজবুল্লাহ এক বিবৃতিতে সম্মেলনের আয়োজকদের সমালোচনা করার পাশাপাশি এ ব্যাপারে ইরাক সরকারের অবস্থানের প্রশংসা করেছে।
এরবিল সম্মেলনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে ইরাক সরকারের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ভূয়শী প্রশংসা করে হিজবুল্লাহ বলেছে, এর মধ্যদিয়ে পরিষ্কার হয়েছে যে, ইরাক সরকার এবং দেশটির জনগণ ও রাজনৈতিক দলগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়ে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইহুদিবাদী প্রকল্প সম্পর্কে সচেতন রয়েছে। একইসঙ্গে ইরাকের জনগণ ফিলিস্তিনিদের প্রতি যে সমর্থন দিয়েছে তারও প্রশংসা করেছে হিজবুল্লাহ।
গত শুক্রবার আমেরিকা-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রার ফর পিস কমিউনিকেশন এরবিলের একটি হোটেলে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে যেখান থেকে ইসরাইলের সঙ্গে ইরাকের রাষ্ট্রীয় সম্পর্ক স্বাভাবিক করার সুপারিশ করা হয়। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। দেশটির সরকার এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন এরবিল সম্মেলরে বিরোধিতা করেছে।#
পার্সটুডে/এসআইবি/২৮