সিরিয়াবাসীকে রাকা ছাড়তে লিফলেট ফেলছে মার্কিন বাহিনী
সিরিয়ার রাকা শহর থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য মার্কিন বাহিনী বিমান থেকে লিফলেট ফেলতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। রাকা হচ্ছে- উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের স্বঘোষিত কথিত খেলাফতের রাজধানী।
মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন বলেছে, লিফলেট বিতরণের অর্থ হচ্ছে রাকা শহরে শিগগিরি সেনা অভিযান শুরু হবে। রাকা শহরের কেউ কেউ টুইটারে পোস্ট দিয়েছেন যে, মার্কিন বাহিনী বেসামরিক লোকজনকে শহর ছাড়ার জন্য সতর্ক করে লিফলেট ফেলছে। এরপর পেন্টাগনের দুই কর্মকর্তা ‘দ্যা ডেইলি বিস্ট’কে এ খবর নিশ্চিত করেছেন।
মার্কিন বিমান থেকে ফেলা লিফলেটে বলা হয়েছে- “সময় হয়েছে.....এখন রাকা শহর ছড়ে চলে যান।” তবে পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছেন, রাকা শহরে বিমান হামলা কিংবা পদাতিক অভিযান যাই হোক না কেন তা শুরু হতে অন্তত মাসখানেক লাগতে পারে। মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এত আগে থেকে এ ধরনের সতর্কবার্তা দেয়া হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।
রাকা শহরে যখন দায়েশ সন্ত্রাসীরা “রাষ্ট্রীয় জরুরি অবস্থা” জারি করেছে বলে খবর বের হয়েছে তখন মার্কিন বিমান থেকে লিফলেট ফেলা হচ্ছে। তবে মার্কিন হামলা আসলেই হবে কিনা তা নিয়ে জোরালো সন্দেহ রয়েছে। কারণ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে উৎখাত করার জন্য আমেরিকা ও তার আঞ্চলিক মিত্র সৌদি আরব, কাতার, তুরস্ক ও ইসরাইল দায়েশসহ সব সন্ত্রাসী গোষ্ঠীকে বহুদিন থেকে অস্ত্র এবং অর্থ দিয়ে মদদ দিয়ে আসছে।
এছাড়া, ২০১৪ সাল থেকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে বলে দাবি করছে। কিন্তু আজ পর্যন্ত তার বিশেষ কোনো প্রভাব দেখা যায় নি। শুধু তাই নয়, রাশিয়া যখন দায়েশ সন্ত্রাসীদের ওপর বিমান হামলা শুরু করেছিল তখন মার্কিন প্রশাসন বলেছিল- হামলা বন্ধ না করলে মস্কোকে চরম মূল্য দিতে হবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১