ফ্রান্সের পরমাণু স্থাপনায় ছড়িয়ে পড়ছে ধর্মঘট
https://parstoday.ir/bn/news/world-i10966-ফ্রান্সের_পরমাণু_স্থাপনায়_ছড়িয়ে_পড়ছে_ধর্মঘট
ফ্রান্সের বিতর্কিত শ্রম আইনের বিরুদ্ধে চলমান ধর্মঘট দেশটির সমস্ত জ্বালানি খাতে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো। এর মধ্যে ফ্রান্সের পরমাণু স্থাপনাকেও আনা হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০২, ২০১৬ ১২:৩৫ Asia/Dhaka
  • ফ্রান্সের পরমাণু স্থাপনায় ছড়িয়ে পড়ছে ধর্মঘট

ফ্রান্সের বিতর্কিত শ্রম আইনের বিরুদ্ধে চলমান ধর্মঘট দেশটির সমস্ত জ্বালানি খাতে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা নিয়েছে শ্রমিক ইউনিয়নগুলো। এর মধ্যে ফ্রান্সের পরমাণু স্থাপনাকেও আনা হবে।

ফরাসি শ্রমিক ইউনিয়ন ‘জেনারেল কনফেডারেশন অব লেবার’ বা সিজিটি আজ (বৃহস্পতিবার) ফ্রান্সের ১৯টি পরমাণু স্থাপনার সবগুলোকে ধর্মঘটের আওতায় আনার জন্য ভোট দিয়েছে। সিজিটি’র নেতা লরা ল্যাংলার্দ বলেছেন, “আজ থেকে সব জ্বালানি উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ধর্মঘটের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ১৯টি পরমাণু স্থাপনাও থাকবে। আজ সন্ধ্যা ৭টা থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ শুরু হবে।”

 

ফ্যান্সের চলমান ধর্মঘটের বিষয়ে সরকার ও ধর্মঘটীরা অনড় অবস্থান নিয়েছে। এ অবস্থায় বিদ্যুৎ উৎপাদন বন্ধের মতো কঠিন সিদ্ধান্ত নিলে সরকার পিছু হটতে পারে বলে মনে করছে শ্রমিক ইউনিয়নগুলো। সেক্ষেত্রে সরকার চাইবে পরমাণু স্থাপনাগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে। এ পরিপ্রেক্ষিতে পরমাণু স্থাপনাগুলোকেও ধর্মঘটের আওতায় আনার সিদ্ধান্ত নিল শ্রমিক ইউনিয়ন। ফ্রান্সে মোট বিদ্যুৎ চাহিদার শতকরা ৭৫ ভাগ আসে পরমাণু স্থাপনাগুলো থেকে।

 

এর আগে ফ্রান্সের পাইলটরা ঘোষণা করেছেন- আগামী সপ্তাহ থেকে তারা ধর্মঘটে যোগ দেবেন। এরইমধ্যে পরিবহন সেক্টর বিশেষ করে রেল কর্মীরা ধর্মঘটে যোগ দেয়ার কারণে ফ্রান্সের জনজীবন স্থবির হয়ে পড়েছে।#

 

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২