‘ইউরোপের জন্য গরিব দেশগুলো গ্যাস পাচ্ছে না’
-
উচ্চমূল্যে গ্যাস কিনতে সক্ষম হচ্ছে না গরিব দেশগুলো
রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির বিকল্প হিসেবে ইউরোপের দেশগুলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কেনার কারণে গ্যাসের দাম আকাশচুম্বি হয়েছে। এজন্য বিশ্বের তুলনামূলক গরিব দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউরোপের ধনী দেশগুলোর মতো তারা উচ্চমূল্যে এলএনজি নিতে পারছে না। ফলে গরিব দেশগুলোর অর্থনীতি ও শিল্প-কলকারখানার গতি স্থবির হয়ে পড়েছে।
গতকাল (শুক্রবার) মার্কিন প্রভাশালী দৈনিক ওয়ালস্ট্রিট জার্নাল এই প্রতিবেদন প্রকাশ করেছে। পত্রিকার তথ্য মতে- গত দুই বছর আগে এলএনজির যে দাম ছিল তার চেয়ে বর্তমানে শতকরা ১৯০০ ভাগ বেড়েছে। সে হিসাবে এক ব্যারেল তেলের সমপরিমাণ গ্যাস কিনতে ব্যয় করতে হচ্ছে ২৩০ ডলার। অথচ সাধারণত এলএনজি সবসময় তেলের চেয়ে কম মূল্যে বিক্রি হয়। বর্তমানে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট গ্যাস বিক্রি হচ্ছে ৪০ ডলারে।
উন্নয়নশীল দেশগুলো ইউরোপের সঙ্গে দামের এ প্রতিযোগিতায় টিকতে পারছে না। উড ম্যাকেঞ্জি ডাটার বরাত দিয়ে ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ইউরোপের দেশগুলো জুনের ১৯ তারিখ থেকে এ পর্যন্ত এলএনজি কেনার পরিমাণ শতকরা ৫০ ভাগ বাড়িয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৯