সিরিয়ার লাতাকিয়া শহরে এবার মসজিদে হামলা
-
ফাইল ফটো
সিরিয়ার লাতাকিয়া শহরে এবার উগ্র সন্ত্রাসীরা একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, লাতাকিয়ার দাতুর এলাকার খোলাফায়ে রাশিদিন মসজিদে চালানো এ হামলায় অন্তত পাঁচজন নিহত ও বহু মানুষ আহত হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, মোটরসাইকেলে বাধা বোমার সাহায্যে সন্ত্রাসীরা এ হামলা চালায়। আল-ইখবারিয়া টিভি চ্যানেলের ফুটেজে দেখা গেছে- মাটিতে জমাটবাধা রক্ত পড়ে রয়েছে এবং উদ্ধার কর্মীরা আহতদের নিয়ে অ্যাম্বুলেন্সের দিকে ছুটোছুটি করছে।
উপকূলীয় শহর তারতুস ও জাবলায় সিরিজ বোমা হামলায় অন্তত ১৬০ জন নিহত হওয়ার এক সপ্তাহ পর আজকের এ হামলা হলো। কেউ এখনো এ হামলার দায়িত্ব স্বীকার করে নি। তবে তারতুস ও জাবলা শহরের হামলার দায় স্বীকার করেছিল উগ্র গোষ্ঠী দায়েশ। সিরিয়ায় সংকট শুরুর পর থেকে ভূমধ্যসাগরের উপকূলীয় শহরগুলোতে এ ধরনের সহিংসতার ঘটনা কম ছিল। কিন্তু সন্ত্রাসীরা সম্প্রতি এসব শহরকে টার্গেট করছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২