ওদেসা বন্দরে কেবল সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i110970-ওদেসা_বন্দরে_কেবল_সামরিক_অবস্থানে_হামলা_চালানো_হয়েছে_রাশিয়া
ইউক্রেনের ওদেসা বন্দরে বেসামরিক অবস্থানে হামলার অভিযোগ নাকচ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের ওদেসা বন্দরে দেশটির সামরিক নৌযানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৪, ২০২২ ১৪:২০ Asia/Dhaka
  • রুশ ক্ষেপণাস্ত্র হামলা
    রুশ ক্ষেপণাস্ত্র হামলা

ইউক্রেনের ওদেসা বন্দরে বেসামরিক অবস্থানে হামলার অভিযোগ নাকচ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের ওদেসা বন্দরে দেশটির সামরিক নৌযানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

স্থানীয় সময় গতকাল শনিবার এ হামলা চালানো হয়। আজ (রোববার) এক টেলিগ্রাম পোস্টে জাখারোভা বলেন, কালিবর ক্ষেপণাস্ত্র হামলায় ওদেসা বন্দরের সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি নৌযান ধ্বংস হয়ে ধ্বংস হয়েছে বলে জানান এই মুখপাত্র। সামরিক নৌযানের পাশাপাশি আমেরিকার সরবরাহকৃত অস্ত্রের গুদামেও আঘাত হানা হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এছাড়া, রাশিয়ার সংসদ দুমার সদস্য ইউগনি পুপুভ বলেছেন, ওদেসা বন্দরে শস্যবাহী কোনো জাহাজে হামলা চালানো হয়নি। বন্দরের কাছে সামরিক ঘাঁটি এবং সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানা হয়েছে। তুরস্কে স্বাক্ষরিত শস্য চুক্তি রাশিয়া পুরোপুরি মেনে চলবে বলে  জানান এই সংসদ সদস্য।

তিনি আরও বলেন, ওদেসা বন্দর থেকে শস্য রপ্তানিতে কোনো ধরণের বাধা সৃষ্টি করা হবে না।  

ইউক্রেন হলো বড় শস্য রপ্তানিকারক দেশ। তবে রাশিয়ার অবরোধের কারণে ইউক্রেনের বন্দরগুলোয় প্রায় দুই কোটি টন শস্য আটকে আছে। এতে আফ্রিকাজুড়ে খাদ্যঘাটতি দেখা দেয় ও দাম বেড়ে যায়। গমের জন্য আফ্রিকা অঞ্চলের দেশগুলো সাধারণত রাশিয়া ও ইউক্রেনের ওপর নির্ভরশীল।

এ পরিস্থিতিতে শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে গত শুক্রবার জাতিসংঘ-সমর্থিত একটি চুক্তি করেছে রাশিয়া ও ইউক্রেন। #  

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।