বহুকেন্দ্রিক সমাধানের মাধ্যমে ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান চায় মস্কো
https://parstoday.ir/bn/news/world-i122106-বহুকেন্দ্রিক_সমাধানের_মাধ্যমে_ইউক্রেন_সংঘাতের_দ্রুত_অবসান_চায়_মস্কো
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে তার দেশের যে সামরিক সংঘাত চলছে মস্কো তার দ্রুত অবসান চায়, তবে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে চলমান সংকটের সমাধান হতে হবে বলে তিনি জানিয়েছেন। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরার সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৮, ২০২৩ ১২:৫৪ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ  ও মাওরো ভিয়েইরা
    সের্গেই ল্যাভরভ ও মাওরো ভিয়েইরা

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে তার দেশের যে সামরিক সংঘাত চলছে মস্কো তার দ্রুত অবসান চায়, তবে বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে চলমান সংকটের সমাধান হতে হবে বলে তিনি জানিয়েছেন। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েইরার সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে চলমান সংকটের সমাধান করার আহ্বান জানানোর পাশাপাশি অভিযোগ করেন যে, পশ্চিমারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছে।
ল্যাভরভ নিশ্চিন্ত করেন, কূটনৈতিকভাবে সমাধান করতে গেলে অবশ্যই এ কথা স্বীকার করতে হবে যে, ইউক্রেনের সাবেক চারটি প্রদেশ মস্কোর সঙ্গে যুক্ত হয়েছে। তিনি বলেন, "আমরা চাই যত দ্রুত সম্ভব সংঘাতের অবসান হোক। কী হচ্ছে সে ব্যাপারে আমরা এরইমধ্যে বিস্তারিত কারণ তুলে ধরেছি এবং তার জন্য কী করা উচিত তাও বলেছি।”
তিনি বলেন, রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করে এমন সব কাজ থেকে পশ্চিমাদের বিরত থাকতে হবে। পাশাপাশি ইউক্রেনের পূর্ব ও পশ্চিম এলাকায় যে সমস্ত রুশ ভাষাভাষী লোকজন বসবাস করে তাদের জীবন রক্ষা এবং আইনগত অধিকারের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে।
সংবাদ সম্মেলনে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনের সমালোচনা করে বলেন, চীন এবং রাশিয়ার পক্ষ হয়ে ব্রাজিল প্রচারণা চালাচ্ছে বলে আমেরিকা যে অভিযোগ তুলেছে তা সঠিক নয়।
গতকাল (সোমবার) ল্যাভরভ ব্রাজিল সফরে যান। সেখানে তিনি ইউক্রেনের চলমান সংঘাত এবং ব্রাজিলের সাথে রাশিয়ার বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।