রাশিয়ায় হামলা চালাতে গিয়ে ইউক্রেনের ২ কমান্ডো নিহত, ৫ জন আটক
https://parstoday.ir/bn/news/world-i127542-রাশিয়ায়_হামলা_চালাতে_গিয়ে_ইউক্রেনের_২_কমান্ডো_নিহত_৫_জন_আটক
রাশিয়ার ব্রায়নস্ক এলাকায় হামলা চালাতে গিয়ে ইউক্রেনের দুই কমান্ডো নিহত এবং অন্তত পাঁচজন আটক হয়েছে। এই আটক পাঁচজনের মধ্যে অন্তত তিনজন আহত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ৩১, ২০২৩ ১৫:১৪ Asia/Dhaka
  • রাশিয়ায় হামলা চালাতে গিয়ে ইউক্রেনের ২ কমান্ডো নিহত, ৫ জন আটক

রাশিয়ার ব্রায়নস্ক এলাকায় হামলা চালাতে গিয়ে ইউক্রেনের দুই কমান্ডো নিহত এবং অন্তত পাঁচজন আটক হয়েছে। এই আটক পাঁচজনের মধ্যে অন্তত তিনজন আহত হয়েছে।

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বা এফএসবি'র প্রেস সার্ভিস জানিয়েছে, ইউক্রেনের একটি কমান্ডো দল ব্রায়নস্ক অঞ্চলে হামলা চালাতে গেলে তাদেরকে রাশিয়ার নিরাপত্তা বাহিনী বাধা দেয়।

এসময় দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়। এতে ইউক্রেনের দুই কমান্ডো নিহত এবং তিনজন আহত হয়। গতকাল বুধবার এই সংঘাত হয়েছে বলে এফএসবি জানিয়েছে।

ব্রায়নস্ক অঞ্চলের সংঘাতে ইউক্রেনের যেসব কমান্ডো হতাহত হয়েছে তারা দেশটির সামরিক গোয়েন্দা ও স্পেশাল অপারেশন্স কমান্ডের সদস্য। আটক কমান্ডো সদস্যদের কাছ থেকে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত উন্নত অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে যার বেশিরভাগই আমেরিকায় নির্মিত। এসব আগ্নেয়াস্ত্রে সাইলেন্সার লাগানো রয়েছে পাশাপাশি এগুলোতে অত্যন্ত শক্তিশালী গোলাগুলি ব্যবহার করা যায়।

কমান্ডোদের কাছ থেকে নাইট ভিশন গিয়ার এবং ন্যাটো বাহিনীতে ব্যবহার করা হয় এমন গ্রেনেড ও বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে এফএসবি একটি ভিডিও প্রকাশ করেছে।#
পার্সটুডে/এসআইবি/৩১