দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ৫ তলা ভবনে আগুন; নিহত ৭০, আহত ৫২
https://parstoday.ir/bn/news/world-i127544-দক্ষিণ_আফ্রিকার_জোহানেসবার্গে_৫_তলা_ভবনে_আগুন_নিহত_৭০_আহত_৫২
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের একটি পাঁচতলা ভবনে আগুন লেগে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। পরিত্যক্ত একটি ভবন থেকে ওই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ৩১, ২০২৩ ১৫:১৪ Asia/Dhaka
  • দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ৫ তলা ভবনে আগুন; নিহত ৭০, আহত ৫২

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের একটি পাঁচতলা ভবনে আগুন লেগে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। পরিত্যক্ত একটি ভবন থেকে ওই আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫২ জন। দক্ষিণ আফ্রিকার জরুরি ব্যবস্থাপনা বিভাগ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।গতকাল (বুধবার) রাত দেড়টার সময় পাঁচতলা ভবনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

দক্ষিণ আফ্রিকার জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র রবার্ট মুলাউদজি স্থানীয় সংবাদমাধ্যম ইএনসিএকে বলেছেন, ধোঁয়ার কারণে আহত ব্যক্তিদের কারও কারও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।মুলাউদজি বলেন, আগুনে পুড়ে যাওয়া ভবন থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

ভবনটিতে আর কোনো মৃতদেহ আছে কি না, তা নিশ্চিত হতে বিভিন্ন তলায় অনুসন্ধান চালানো হচ্ছে। দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এক বিবৃতিতে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছে, " এই ট্র্যাজেডির জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য আমরা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে অনুরোধ করছি।”#

পার্সটুডে/এসআইবি/৩১