একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
https://parstoday.ir/bn/news/world-i14521-একনজরে_ঢাকা_ও_কোলকাতার_পত্রপত্রিকার_সব_গুরুত্বপূর্ণ_খবর
সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ১৪ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৪, ২০১৬ ১২:১৬ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আজ ১৪ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

ঢাকার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইউজিসির তদন্ত দল-ইত্তেফাক

পরিবহনের শৃঙ্খলা না থাকায় দুর্ঘটনা বাড়ছে: ওবায়দুল কাদের-প্রথম আলো

বাংলাদেশ-ত্যাগী সংখ্যালঘুরা ভারতে জমি কিনতে পারবেন-মানবজমিন

চার ধাপের প্রশিক্ষণে আত্মঘাতী জঙ্গি-বাংলাদেশ প্রতিদিন

সাখাওয়াতসহ ৮ আসামির রায় যে কোনো দিন- যুগান্তর

মহাখালীর ঝিল থেকে শিশু সানজিদার মরদেহ উদ্ধার -মানবকণ্ঠ

কোলকাতার দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ শিরোনাম:

রোগীর মৃত্যু ঘিরে অশান্ত কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর-আজকাল

মুখ পুড়ল বিজেপির, অরুণাচল কংগ্রেসের-আনন্দবাজার

মমতার মাস্টারস্ট্রোকে ঘায়েল মোর্চা-বর্তমান

আত্মঘাতী প্রেমিক, বহুতল থেকে মরণঝাঁপ প্রেমিকারও-সংবাদপ্রতিদিন

পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ।

গুলশান ট্রাজেডির ফলোআপ খবরে দৈনিক মানবজমিনের শিরোনাম:

গুলশান হামলা: মাস্টারমাইন্ডের খোঁজে গোয়েন্দারা

গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় অংশ নেয়া জঙ্গিদের মাস্টারমাইন্ডদের সন্ধানে গোয়েন্দারা মাঠে নেমেছে। তাদের ধরতে রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে প্রায় প্রতিদিনই অভিযান চলছে। গোয়েন্দা সূত্র জানায়, এই গ্রুপটিই গত কয়েক বছর ধরে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছিলো। এই গ্রুপের সদস্যরা বেশির ভাগই জেএমবি এবং আনসারুল্লাহ টিমের সদস্য। তারা নতুন একটি দল গঠন করে কার্যক্রম চালিয়ে আসছিলো। গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় হামলাসহ অন্যান্য হামলার মাস্টারমাইন্ড এই ব্যক্তি উচ্চ শিক্ষিত ও আইটি বিষয়ে অভিজ্ঞ বলে জানা গেছে। গোয়েন্দারা তার অবস্থান শনাক্তের চেষ্টা করছেন। একটি গোয়েন্দা সূত্র জানায়, সে ঢাকার একটি অভিজাত এলাকায় বসে কর্মীদের সংগঠিত করেছেন। গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, এই দলের উচ্চ পর্যায়ের নেতাদের সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করেছেন। তাদের নজরদারির মাধ্যমে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ প্রতিদিনের বিশ্লেষণধর্মী প্রতিবেদনে লেখা হয়েছে,

চার ধাপের প্রশিক্ষণে আত্মঘাতী জঙ্গি

ধর্মীয় উগ্রপন্থীদের টার্গেটে বাংলাদেশি ধনাঢ্য পরিবারের শিক্ষিত তরুণরা। ব্রেন ওয়াশের পর নানা কৌশলে তাদের জঙ্গি সংগঠনে ভেড়ানো হচ্ছে। চার ধাপের দীর্ঘমেয়াদি কঠোর প্রশিক্ষণ শেষে তারা হয়ে উঠছে ভয়ঙ্কর আত্মঘাতী। ছোট অস্ত্র থেকে শুরু করে ভারী অস্ত্র চালনাসহ গ্রেনেড চার্জেও এরা হয় পারদর্শী। এ ছাড়া ধারালো অস্ত্র চালনার ক্ষেত্রেও এরা হয় ক্ষিপ্রগতিসম্পন্ন। টার্গেট কিলিং থেকে শুরু করে যে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজের জন্য প্রশিক্ষিত আত্মঘাতী জঙ্গিরা থাকে সর্বদা প্রস্তুত। পরিবার-পরিজন, মায়া-মমতা পেছনে ফেলে এবং নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিয়ে সংগঠনের নেতাদের নির্দেশ তারা পালন করে অক্ষরে অক্ষরে। সংশ্লিষ্ট সূত্রগুলো এসব তথ্য দিয়ে বলেছে, গুলশান ও শোলাকিয়া হামলা ছাড়াও সাম্প্রতিককালে জঙ্গি হামলাগুলো ঘটিয়েছে ভয়ঙ্কর আত্মঘাতীরাই।

চট্টগ্রামে চাঞ্চল্যকর মিতু হত্যাকাণ্ডের পর তার স্বামী এসপি বাবুল আক্তার নিয়ে মিডিয়ায় নানামুখি খবর এসেছে। আজ দৈনিক প্রথম আলোতে বাবুল আক্তার সম্পর্কিত খবরের শিরোনাম:

বাবুল আক্তার ছুটিতে নেই, কর্মস্থলেও নেই

পুলিশ সুপার বাবুল আক্তার ৩৯ দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত। তিনি কি ছুটিতে, নাকি চাকরি ছেড়ে দিয়েছেন—এ প্রশ্নের জবাব চাওয়া হলে দায়িত্বশীল কর্মকর্তারা প্রকাশ্যে কিছু বলছেন না। বাবুল নিজেও চুপ।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা বুধবার বলেছেন, স্ত্রী মাহমুদা খানম খুন হওয়ার পর থেকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত এই কর্মকর্তা আর কর্মস্থলে আসছেন না। তিনি ছুটির আবেদনও করেননি; বরং তাঁর পদত্যাগপত্র পড়ে আছে। এটি গ্রহণ করা হবে কি না, তা নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সদর দপ্তর। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার ইকবাল বাহার বলেন, ‘বাবুল আক্তার পুলিশ সদর দপ্তরের লোক। তিনি ছুটিতে আছেন, নাকি চাকরিতে আছেন, সেটা আমি জানি না।বাবুলের শ্বশুর সাবেক পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

ইত্তেফাকের খবর: জঙ্গি হামলা জনশক্তি রপ্তানিতে প্রভাব ফেলবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী

সাম্প্রতিক জঙ্গি হামলার কোনো প্রভাব জনশক্তি রপ্তানিতে পড়বে না বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম। কাজের মানে বাংলাদেশিদের সুনাম আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশিদের কাজের মান ভালো। সবাই বাংলাদেশিদের নিতে চায়। এদিকে নারী কর্মীদের হয়রানির অভিযোগ তদন্তে বাংলাদেশ থেকে দুটি প্রতিনিধিদল সৌদি আরব ও লেবানন যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

অর্থনীতির খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে,

রফতানি আয় ৮ শতাংশ বাড়ানোর লক্ষ্য

চলতি অর্থবছরে রফতানি থেকে ৩৭বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার, যা গত বছরের চেয়ে ৮ শতাংশ বেশি। বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের উপস্থিতিতে এক সভায় ২০১৬-১৭ অর্থ বছরের জন্য এই লক্ষ্য চূড়ান্ত করা হয়। তোফায়েল আহমেদ বলেন, মোট রফতানি লক্ষ্যমাত্রা ৩৭ বিলিয়ন ডলার ধরা হয়েছে, প্রবৃদ্ধি ধরেছি ৮ শতাংশ। আগামীতে এই লক্ষ্য অতিক্রম করব। সাম্প্রতিক দুটি জঙ্গি হামলার ঘটনার পর রফতানি আয়ে নেতিবাচক প্রভাব পড়বে না বলেই আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী।

লক্ষ্মীপুরে যুবতীকে গণধর্ষণ, ১০ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা-মানবজমিন

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি এলাকায় বাড়ি থেকে তুলে নিয়ে এক যুবতীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১০ ছাত্রলীগ কর্মীকে আসামি করে বুধবার রাতে ওই নির্যাতিত নারী বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

কাশ্মীর-ঝড়ই মোদীর কাঁটা বাদল অধিবেশনে-আনন্দবাজার

মন্ত্রিসভার রদবদল সেরে সংসদের বাদল অধিবেশন নিরুপদ্রবে শুরু করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কাশ্মীরের সেই পুরনো ক্ষত থেকে ক্রমাগত জারি রয়েছে রক্তপাত। যার জেরে ঘরে ও বাইরে কাশ্মীর কাঁটা নিয়ে আগামী সোমবার সংসদে ট্রেজারি বেঞ্চে বসতে চলেছে মোদী সরকার।

সনিয়া গাঁধী-সহ অন্য বিরোধী দলগুলি জাতীয় নিরাপত্তা ও পাকিস্তানের বিরোধিতার প্রশ্নে মোদীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে। তবে জম্মু-কাশ্মীরে প্রশাসনিক গাফিলতির প্রশ্নে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করার কৌশল নিয়েই এগোচ্ছে তারা।

মহারাষ্ট্রে অনুমোদন হারাল আসাদউদ্দিনের দল-সংবাদ প্রতিদিন

মহারাষ্ট্রে আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদ-উল মুসলিম, সংক্ষেপে এআইএমআইএম-এর রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করল রাজ্য নির্বাচন কমিশন৷ ফলে মুম্বইয়ের আসন্ন পুরসভা নির্বাচনে এমআইআইএম অংশ নিতে পারবে না৷ বুধবার মহারাষ্ট্র নির্বাচন কমিশন জানিয়েছে, এমআইআইএম প্রয়োজনীয় তথ্যাদি কমিশনে জমা করেনি৷

মহারাষ্ট্র নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কমিটির এক মুখপাত্র বলেছেন, এআইএমআইএম-এর কাছে আয়কর রিটার্ন ও অডিটের কাজগপত্র চেয়ে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল৷ কিন্তু তারা তা জমা করেনি৷ সেই কারনেই তাদের অমুমোদন বাতিল করা হয়েছে৷

জাতিসংঘের কাছে পাকিস্তানকে আক্রমণ ভারতের

পাকিস্তান, অন্য দেশের এলাকা অনৈতিক ভাবে দখল করে রাখে, আর রাষ্ট্রনীতি হিসেবে ব্যবহার করে সন্ত্রাসবাদকে’ রাষ্ট্রপুঞ্জে প্রতিবেশী দেশকে এভাবেই আক্রমণ ভারতের। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়, পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি কাশ্মীরে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আগেই। বুরহান ওয়ানিকে কাশ্মীরের ‘মহান’ নেতা উল্লেখ করে বলেছিলেন, বুরহানের হত্যা আইন বিরুদ্ধ। সেই প্রশ্নের উত্তরেই ভারতের প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন মন্তব্য করেন, পাকিস্তান রাষ্ট্রপুঞ্জের মত সাধারণ মঞ্চকে অপব্যবহার করছে। রাজনীতির অংশ হিসেবে পাক সরকার সন্ত্রাসবাদকে ব্যবহার করে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৪