ফ্রান্সে জাতীয় দিবসের সমাবেশে ট্রাক হামলা: নিহত ৮৪, আহত ৫০
https://parstoday.ir/bn/news/world-i14581-ফ্রান্সে_জাতীয়_দিবসের_সমাবেশে_ট্রাক_হামলা_নিহত_৮৪_আহত_৫০
ফ্রান্সে বাস্তিল দিবস নামে পরিচিত দেশটির জাতীয় দিবসের আতশবাজি উৎসবে সমবেত মানুষের ওপর ট্রাক হামলায় অন্তত ৮৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নগরী নিসে স্থানীয় সময়ে গতরাতে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৫, ২০১৬ ০৬:১৪ Asia/Dhaka

ফ্রান্সে বাস্তিল দিবস নামে পরিচিত দেশটির জাতীয় দিবসের আতশবাজি উৎসবে সমবেত মানুষের ওপর ট্রাক হামলায় অন্তত ৮৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নগরী নিসে স্থানীয় সময়ে গতরাতে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।

চোখ ধাঁধানো আতশবাজির প্রদর্শনী দেখার জন্য নিসে ব্যাপক মানুষ সমবেত হয়েছিল। সে সময়ে হতভাগ্য মানুষদের ওপর দ্রুত গতিতে ভারি ট্রাক চালিয়ে দিলে হতাহতের ঘটনা ঘটে। ফ্রান্সের সরকারি কৌশলি বলেছেন, ট্রাকটি দুই কিলোমিটার পর্যন্ত চালিয়ে নেয়া হয়েছে। নগরীর বিখ্যাত প্রমনেদ দেস অঁলেতে এ ঘটনা ঘটেছে।

নিহত বালিকার পাশে পড়ে রয়েছে তার প্রিয় পুতুল

হামলকারী শেষ পর্যায়ে ট্রাক থেকে নেমে গুলি করেছে বলেও কোনো কোনো খবরে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় নি। ট্রাকের ড্রাইভারকে গুলি করে হত্যা করা হয়েছে। সে তিউনিসিয়ার বংশোদ্ভূত ফরাসি নাগরিক বলে জানানো হয়েছে। এ ছাড়া ট্রাকে একাধিক অস্ত্র এবং গ্রেনেড পাওয়া গেছে।

সড়কে পড়ে রয়েছে লাশ

নিহতদের মধ্যে শিশু আছে বলে নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয় ওঁলাদ। একে সন্ত্রাসী ঘটনা হিসেবে অভিহিত করেছেন তিনি। এদিকে কোনো দল বা গোষ্ঠী এখনো এ হামলার দায় স্বীকার করে নি। এ হামলাকে কেন্দ্র করে ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরো তিন মাস বাড়ানো হবে। গত নভেম্বরে রাজধানী প্যারিসে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের সন্ত্রাসী হামলার পর এ জরুরি অবস্থা জরি করা হয়েছিল। চলতি মাসের ২৬ তারিখে দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।#

পার্সটুডে/মূসা রেজা/১৫