তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টা বিরোধীদের দমনের ‘ব্ল্যাংক চেক’ নয়: ফ্রান্স
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ‘জন মার্ক এরো’ তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে সতর্ক করে দিয়ে বলেছেন, তুরস্কের সাম্প্রতিক অভ্যুত্থান প্রচেষ্টাকে যেন দেশটির সরকার বিরোধীদের দমনের কাজে ‘সাদা চেক’ হিসেবে ব্যবহার করা না হয়।
একটি ফরাসি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এরো হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্যারিস তুরস্কে আইনের শাসন ফিরে আসা দেখতে চায়। তবে এ কাজ করতে গিয়ে যেন নিরপরাধ সরকার বিরোধীদের দমন করা না হয়।
শুক্রবার রাতে তুরস্কের সেনাবাহিনীর একাংশ সরকার বিরোধী অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা করে। এ ঘটনায় অন্তত ২৬৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে ১৬১ জন বেসামরিক নাগরিক ও অভ্যুত্থান দমনের কাজে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকি শতাধিক ব্যক্তি অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত সেনাবাহিনীর সদস্য। তুরস্কে থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, ওই অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িত থাকার দায়ে এ পর্যন্ত অন্তত ৬,০০০ মানুষকে আটক করা হয়েছে।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে আরো বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নির্মূলে তুরস্কের আন্তরিকতার প্রতি পাশ্চাত্যের যে আস্থা ছিল অভ্যুত্থান প্রচেষ্টায় তা প্রশ্নবিদ্ধ হয়েছে। শুক্রবার রাতের ব্যর্থ সেনা অভ্যুত্থান অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে বলেও এরো উল্লেখ করেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, একদিক দিয়ে তুরস্কের প্রতি আস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং অন্যদিকে বহু সন্দেহ ও সংশয় সৃষ্টি হয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭