তুরস্কে ন্যাটোর একটি ঘাঁটির কাছে অগ্নিকাণ্ড: নাশকতার আশংকা
তুরস্কে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর একটি ঘাঁটির কাছে ভয়াবহ আগুন লেগেছে। তুরস্কের পশ্চিমাঞ্চলে অবস্থিত এ ঘাঁটিতে নাশকতামূলক তৎপরতার কারণে আগুন ধরেছে কিনা তা তদন্ত করছে কর্তৃপক্ষ।
গতকাল (রোববার) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। ইজমির নগরীর কাছে ন্যাটো জোটের এ ঘাঁটি অবস্থিত। কোনো কোনো খবরে আগুন নেভানোর দাবি করা হলেও অনেক খবরে এখনো আগুন জ্বলছে বলে উল্লেখ করা হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে অ্যালাইড ল্যান্ড কমান্ড বা ল্যান্ডকম নামে পরিচিত ঘাঁটিটি হুমকির মুখে পড়েছে বলে এসব খবরে উল্লেখ করা হয়।
খবরে আরো বলা হয়েছে, জনবহুল কয়েকটি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে আগুনে বয়োবৃদ্ধ মানুষদের একটি বাড়ি ও বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তুরস্কে বেসরকারি নিউজ চ্যানেল টি২৪ নিউজ এ অগ্নিকাণ্ডকে ‘নাশকতামূলক’ তৎপরতা হিসেবে উল্লেখ করেছে। দেশটির অভ্যুত্থান প্রচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে যখন অভিযান চলছে তখন এ অভিযোগের সত্যতা আছে বলে ধারণা করা হচ্ছে।
গত ১৫ জুলাই শুক্রবার তুর্কি সেনাবাহিনীর একটি অংশ এ অভ্যুত্থান প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তা বানচাল করে দেয়া হয়। এরপর থেকে দেশটিতে ব্যাপক শুদ্ধি অভিযান চলছে।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৫