ইউরোপে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে অপরাধ বেড়েছে
-
ইউরোপে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে অপরাধ প্রবণতা বেড়েছে
পার্সটুডে- ডেনমার্কে জাতিসংঘের মানবাধিকার কমিটির একজন সদস্য দেশটির সরকারের নীতির সমালোচনা করে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা সীমিত হওয়ার পরিণতির বিষয়ে সতর্ক করেছেন।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ডেনমার্কে জাতিসংঘের মানবাধিকার কমিটির সদস্য ওলে ওলসেন দৈনিক আভিসেন ডেনমার্ক পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে লিখেছেন, ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার, যা ডেনমার্কের সংবিধান এবং জাতিসংঘের বিভিন্ন কনভেনশনে নিশ্চিত করা হয়েছে। কিন্তু ডেনমার্কের সমাজের একটি অংশ মুসলমানদের ক্ষেত্রে এই নীতিকে উপেক্ষা করছে।
তিনি সাপ্তাহিক উইকেন্ডআভিসেনে প্রকাশিত এক জরিপের বরাত দিয়ে বলেন, প্রায় এক-চতুর্থাংশ ডেনিশ নাগরিক মনে করেন ধর্মীয় স্বাধীনতা মুসলমানদের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয়। তিনি বলেন, বিপুল সংখ্যক মানুষের এমন মনোভাব উদ্বেগজনক ও ভীতিকর। ওলসেন ডেনমার্কের অভিবাসনমন্ত্রী রাসমুস স্টকলুন্ডের বিরুদ্ধে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা সুরক্ষার বিষয়ে স্পষ্ট অবহেলার অভিযোগ তোলেন।
ইংল্যান্ডে বর্ণ ও ধর্মবিদ্বেষজনিত অপরাধ বৃদ্ধি
একটি ব্রিটিশ গণমাধ্যম পুলিশি পরিসংখ্যান ও নাগরিক সংগঠনগুলোর বর্ণনার ভিত্তিতে জানিয়েছে, দেশটির ট্রেন ও বাসে বর্ণবাদী ও ধর্মবিদ্বেষমূলক অপরাধ বৃদ্ধির ফলে অনেকেই দৈনন্দিন যাতায়াতে নিরাপত্তাবোধ করছে না। এ কারণে অনেক যাত্রী—বিশেষ করে মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ—অপমান, হুমকি বা হামলার আশঙ্কায় গণপরিবহন ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করতে বাধ্য হচ্ছেন।
দ্য গার্ডিয়ান ব্রিটিশ পরিবহন পুলিশের পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ডজুড়ে রেল নেটওয়ার্ক ও স্টেশনগুলোতে নথিভুক্ত বর্ণবিদ্বেষমূলক অপরাধের সংখ্যা ২০১৯–২০২০ সালে ২,৮২৭টি থেকে বেড়ে ২০২৪–২০২৫ সালে ৩,২৫৮টিতে পৌঁছেছে। একই সময়ে ধর্মবিদ্বেষজনিত অপরাধ ২০২২–২০২৩ সালে ৩৪৩টি থেকে ২০২৩–২০২৪ সালে ৪১৯টিতে বৃদ্ধি পেয়েছে।#
পার্সটুডে/এসএ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন