ইরানের তাবাসে মার্কিন বিপর্যয় কার্টারের সরকারকে ধ্বংস করেছিল: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i155946-ইরানের_তাবাসে_মার্কিন_বিপর্যয়_কার্টারের_সরকারকে_ধ্বংস_করেছিল_ট্রাম্প
পার্স-টুডে: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প  ইরানের তাবাসে ঐতিহাসিক পরাজয়ের কথা স্মরণ করে বলেছেন, মাদুরোকে অপহরণের ঘটনায় তাবাসের বিপর্যয়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটে কিনা তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। 
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
জানুয়ারি ১০, ২০২৬ ১৪:৩৬ Asia/Dhaka
  • ইরানের তাবাসে মার্কিন বিপর্যয়
    ইরানের তাবাসে মার্কিন বিপর্যয়

পার্স-টুডে: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প  ইরানের তাবাসে ঐতিহাসিক পরাজয়ের কথা স্মরণ করে বলেছেন, মাদুরোকে অপহরণের ঘটনায় তাবাসের বিপর্যয়ের ঘটনার পুনরাবৃত্তি ঘটে কিনা তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। 

নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জিমি কার্টারের শাসনামলের ওই বিপর্যয়ের কথা স্মরণ করলেন।  ইরানে ওই ব্যর্থ অভিযান চালানো হয়েছিল দেশটিতে কূটনীতিকের ছদ্মবেশী ৫৪ জন গুপ্তচরকে আটক করার ঘটনার পর। বিপ্লবী ইরানি ছাত্ররা তেহরানস্থ মার্কিন দূতাবাসকে গুপ্তচরবৃত্তির আখড়া ও মধ্যপ্রাচ্যে সকল ষড়যন্ত্রের আস্তানা হিসেবে উল্লেখ করে ওই দূতাবাসটি দখল করে। 

তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের নির্দেশে মার্কিন বিশেষ কমান্ডো বাহিনী বহু দিন ধরে মহড়া ও প্রশিক্ষণ নেয়ার পর ইরানে প্রবেশ করে কয়েকটি হেলিকপ্টার ও সামরিক বিমান নিয়ে যাতে মার্কিন কূটনীতিকদের উদ্ধার করা যায়। কমপক্ষে ৬টি মার্কিন সামরিক বিমান ও হেলিকপ্টার ইরানের  তাবাস মরুতে প্রবেশ করে।    কিন্তু ইরানিদের কোনো প্রতিরোধ ছাড়াই ওই বিমান অভিযান ব্যর্থ হয় যখন ধূলি ঝড়ের শিকার হয়ে তিনটি হেলিকপ্টার ও সামরিক বিমান ক্ষতিগ্রস্ত এবং কমপক্ষে ৮ জন মার্কিন সেনা নিহত হয়। ফলে মার্কিন সরকার পিছু হটতে বাধ্য হয়।  
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি (র) ওই সামরিক অভিযানের ব্যর্থতা প্রসঙ্গে বলেছিলেন, এই বোকামিপূর্ণ সামরিক অভিযান খোদায়ি অদৃশ্য সাহায্যে ব্যর্থ হয়েছে। 

ট্রাম্প ওই ব্যর্থ অভিযানের কথা স্মরণ করে বলেছেন, এই ঘটনা কার্টারের সরকারকে ধ্বংস করেছিল। ট্রাম্প আফগানিস্তানেও মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি পরাজয়ের কথা তুলে ধরেন যে ঘটনায় ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছিল। #

পার্স টুডে/এমএএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।