মের্ৎসের মধ্যস্থতা, ম্যাক্রোনের ক্ষোভ এবং বিশ্ব অর্থনীতির সঙ্গে ট্রাম্পের বড় জুয়া
-
ট্রাম্প
পার্সটুডে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি (ইউরোপের সঙ্গে বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে গ্রিনল্যান্ড ইস্যু এবং ইরানের ওপর চাপ) বিশ্বব্যাপী নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থাকে টালমাটাল করে তুলেছে।
পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে- এমন এক সময়ে যখন মার্কিন পররাষ্ট্রনীতি আবারও চাপ, হুমকি ও একতরফাবাদের অক্ষের ওপর ঘুরছে, তখন ইউরোপ ক্ষোভ, নিষ্ক্রিয়তা ও বিদ্যমান ব্যবস্থার ভেঙে পড়া নিয়ে গভীর উদ্বেগের মধ্যে দিশেহারা হয়ে পড়েছে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্যিক উত্তেজনা নিয়ন্ত্রণে বার্লিনের পর্দার আড়ালের চেষ্টা থেকে শুরু করে বিতর্কিত গ্রিনল্যান্ড ইস্যু ও ইরানের ওপর ক্রমবর্ধমান চাপ- সবকিছুই ইঙ্গিত দেয় যে, ট্রাম্পের নতুন প্রকল্পগুলো শুধু যুক্তরাষ্ট্রের মিত্রদেরই নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার ভিত্তিকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
ম্যাক্রোন–ট্রাম্প বাণিজ্যযুদ্ধে যখন মের্ৎস মধ্যস্থতাকারী
ব্লুমবার্গ পত্রিকা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎসের ইউরোপীয় ক্ষোভ প্রশমনের চেষ্টাকে শিরোনাম করেছে। ব্লুমবার্গ লিখেছে- মের্ৎস ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনকে বোঝানোর চেষ্টা করছেন, যাতে ইউরোপীয় মিত্রদের ওপর নতুন বাণিজ্য শুল্ক আরোপের ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে তিনি কিছুটা নমনীয় করেন। এর আগে ব্লুমবার্গ জানিয়েছিল, ম্যাক্রোন ইউরোপীয় ইউনিয়নের তথাকথিত “অ্যান্টি-কোয়েরশন টুল” সক্রিয় করার দাবি তুলতে চান। তবে মের্ৎস সোমবার বলেন, রপ্তানির ওপর জার্মানির নির্ভরশীলতা এত বেশি যে, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে কঠোর পাল্টা বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বার্লিন তুলনামূলকভাবে অনাগ্রহী। যে ইউরোপীয় দেশগুলো কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের সব পদক্ষেপের পেছনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিল, আজ তারাই মার্কিন নীতির ফাঁদে পড়ে গেছে।
ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ চান না, কিন্তু শান্তিতেও আগ্রহী নন
এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের প্রচেষ্টা আরও জোরদার করেছেন। আপাতত এই প্রচেষ্টা ১০ শতাংশ এবং পরে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
তবে এনবিসি নিউজকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে, গ্রিনল্যান্ড দখলে শক্তি প্রয়োগ করবেন কি না—এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এ বিষয়ে আমার কোনো মত নেই”। অন্যদিকে, নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক টেক্সট বার্তায় ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ড ইস্যুই গত বছর তার নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার প্রধান কারণ। #
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।