কয়েকটি সংক্ষিপ্ত বিশ্ব-সংবাদ: জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাব রাজনৈতিক-ইরান
চীন: ইরানের ইস্যুগুলো দেশটির ঘরোয়া বিষয়
-
জাতিসংঘ কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি জিয়া গুইদেহ
পার্স টুডে – জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ইরান-বিষয়ক প্রস্তাবকে রাজনৈতিক ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন।
ইরানের প্রতিনিধি দপ্তর জানিয়েছে: ইরান-বিষয়ক মানবাধিকার পরিষদের বিশেষ অধিবেশন “মানবাধিকার নিয়ে প্রকৃতপক্ষে উদ্বেগহীন”। বিবৃতিতে বলা হয়, যারা এই পদক্ষেপের পেছনে রয়েছে তারা কখনোই সত্যিকার অর্থে ইরানি জনগণের অধিকার নিয়ে উদ্বিগ্ন নয়; যদি তারা সত্যিই উদ্বিগ্ন হতো, তবে তারা ইরানের ওপর অমানবিক নিষেধাজ্ঞা আরোপ করত না যা মৌলিক মানবাধিকারকে গুরুতরভাবে লঙ্ঘন করছে এবং তারা ইসরায়েলি আগ্রাসী যুদ্ধকে উপেক্ষা করত না, যে যুদ্ধকে “নোংরা কাজ” বলা হয়েছে এবং যাতে ৫ হাজারেরও বেশি ইরানি হতাহত হয়েছে।
ইরানের প্রতিনিধির কার্যালয় থেকে আরও বলা হয়েছে: ইরানের শক্তিশালী, স্বাধীন ও কার্যকর জাতীয় জবাবদিহি ব্যবস্থা রয়েছে, তাই যেকোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিদেশি হস্তক্ষেপের অজুহাত ইরান প্রত্যাখ্যান করে।
চীন: ইরানের অভ্যন্তরীণ বিষয় ইরানিদের দ্বারাই নির্ধারিত হবে
জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে চীনের স্থায়ী প্রতিনিধি জিয়া গুইদে মানবাধিকার পরিষদের ইরানবিষয়ক বিশেষ অধিবেশনের বিরোধিতা করে বলেছেন: ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পূর্ণভাবে ইরানের অভ্যন্তরীণ বিষয় এবং তা ইরানের জনগণই নির্ধারণ করবে। তিনি জোর দিয়ে বলেন: আন্তর্জাতিক সমাজকে ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে হবে, ইরানের সরকার ও জনগণকে কঠিন পরিস্থিতি অতিক্রমে সহায়তা করতে হবে এবং মতপার্থক্যগুলো সংলাপের মাধ্যমে সমাধান করতে হবে।
কানাডার প্রধানমন্ত্রী: আধিপত্যবাদী শক্তির মোকাবিলায় নতুন জোট প্রয়োজন
এবার যাওয়া যাক ইউরোপ ও জেনেভা থেকে উত্তর আমেরিকায়—কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বলেছেন: কানাডা ট্রাম্প প্রশাসনের সঙ্গে জটিল সম্পর্ক সামলাতে সমমনা দেশগুলোর সঙ্গে নতুন জোট গঠনের চেষ্টা করছে, কানাডা গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক আরোপের তীব্র বিরোধিতা করে এবং আর্কটিক অঞ্চলের নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য সংলাপ জরুরি বলে মনে করে। তিনি ট্রাম্পের নাম উল্লেখ না করে বলেন: “যদি বড় শক্তিগুলো ক্ষমতা ও স্বার্থের জন্য আইন ও মূল্যবোধের বাহ্যিক রূপকেও উপেক্ষা করে, তবে সমঝোতামূলক কূটনীতি আরও কঠিন হয়ে যাবে।”
গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের হত্যা যুদ্ধাপরাধ: হামাস
পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ফিলিস্তিনি মুজাহিদিন। তারা এক যৌথ বিবৃতিতে বলেছে: ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকার কেন্দ্রে একটি ত্রাণযানকে লক্ষ্যবস্তু করা হয় এবং এতে তিনজন সাংবাদিক (ফটোজার্নালিস্ট) শহীদ হন, যারা শরণার্থী শিবিরে মানবিক কার্যক্রমের সংবাদ সংগ্রহ করছিলেন।
বিবৃতিতে বলা হয়: ত্রাণযান লক্ষ্য করে হামলা এবং মানবিক কার্যক্রম কভার করা তিন সাংবাদিককে হত্যা- এগুলো যুদ্ধবিরতি লঙ্ঘনের বিপজ্জনক ঘটনার পরিকল্পিত বিস্তার এবং গাজায় সাংবাদিক ও মানবিক ত্রাণকর্মীদেরকে ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু করার নীতির অংশ।
মার্কিন যুক্তরাষ্ট্র ৯টি জাহাজ ও ৮টি ইরান-সম্পর্কিত কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল
যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে: দেশটি ইরানের সঙ্গে সম্পর্কিত ৯টি জাহাজ ও ৮টি কোম্পানিও ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব জাহাজ ও কোম্পানির বিরদ্ধে অভিযোগ— তারা “শত শত মিলিয়ন ডলারের তেল ও তেলজাত পণ্য” বিদেশে সরবরাহ করেছে।
মার্কিন এই মন্ত্রণালয় দাবি করেছে: জাহাজগুলো ও কোম্পানিগুলো অথবা তাদের মালিকরা মোট শত শত মিলিয়ন ডলারের তেল আন্তর্জাতিক বাজারে পাঠিয়েছে। আর এই কোম্পানিগুলো ভারত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। #
পার্স টুডে/এমএএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।