ফ্রান্সে জিম্মি আটকের অবসান; হামলাকারীসহ নিহত ৩
ফ্রান্সের উত্তরাঞ্চলে অবস্থিত একটি গির্জায় পুলিশি অভিযানে তিনজন নিহত হওয়ার মধ্যদিয়ে জিম্মি আটকের ঘটনার অবসান হয়েছে।
পুলিশ জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় নরম্যান্ডি অঞ্চলের ‘সেন্ত-এতিন্নেতদু-রোউভরে’ শহরের একটি গির্জায় আজ (মঙ্গলবার) চাকু হাতে দুই ব্যক্তি চার থেকে ছয় জনকে জিম্মি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে হামলাকারী দুই ব্যক্তিকে হত্যা করে। তবে তার আগেই তারা একজন ধর্মযাজককে হত্যা করে।
এ ছাড়া, তাদের হামলায় আরেক ব্যক্তি আহত হয় যার অবস্থা আশঙ্কাজনক।ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ও স্বরাষ্ট্রমন্ত্রী বেরনার্দ কাজেনুভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জিম্মি আটককারীদের পরিচয় এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ। ফ্রান্সের সন্ত্রাস বিরোধী সরকারি কৌঁসুলির দপ্তর এ ব্যাপারে তদন্ত শুরু করেছে।
চলতি মাসের গোড়ার দিকে ফ্রান্সের নিস শহরে জাতীয় অনুষ্ঠান উদযাপনের সময় এক ব্যক্তি লরি চালিয়ে ৮৪ জনকে হত্যা করার পর আজকের জিম্মি আটকের ঘটনা ঘটল।এ ছাড়া, গত বছরের নভেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসের কয়েকটি স্থানে সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত ও ৩৫০ জন আহত হয়। প্যারিস ও নিস দু’টি শহরেই হামলার দায়িত্ব স্বীকার করেছে মধ্যপ্রাচ্যে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৬