আমাদের শর্তেই যুদ্ধবিরতি চলছে:
নৌ অবরোধ অব্যাহত থাকলে আমেরিকাকে চীনের সাথেও যুদ্ধে নামতে হবে
-
ইরানের সংসদ সদস্য সাইয়্যেদ মাহমুদ নাবোয়ান
পার্সটুডে- ইরানের সংসদ সদস্য সাইয়্যেদ মাহমুদ নাবোয়ান, এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং প্রতিরোধ ফ্রন্টের কথা উল্লেখ করে এক বিবৃতিতে বলেছেন: "ইরানি জাতির প্রতিরোধ এবং ইসলামিক প্রজাতন্ত্র ইরানের চাপের মুখে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রথমে পিছু হটতে বাধ্য হয় এবং ইরানের কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করে ও আলোচনার আহ্বান জানায়।"
তিনি আরও বলেন: "আমেরিকা ও ইসরায়েল দ্বিতীয় ধাপে, আরও একবার পিছু হটে এবং আজ আমরা তাদের পিছু হটা প্রত্যক্ষ করেছি। তাদের উপর আমরা যুদ্ধবিরতির এমন শর্ত আরোপ করেছি, যাতে এই যুদ্ধবিরতিতে হিজবুল্লাহ এবং লেবাননও অন্তর্ভুক্ত থাকে।"
সমগ্র প্রতিরোধ ফ্রন্টকে আমরা একটি একক সত্তা হিসেবে বিবেচনা করি, এই কথা উল্লেখ করে তিনি আরও বলেন: "এই যুদ্ধবিরতির আওতায় হিজবুল্লাহ, ইরান এবং সমগ্র প্রতিরোধ ফ্রন্টকে আনা হয়েছে।" প্রকৃতপক্ষে, যদি যুদ্ধ হয়, তবে এই যুদ্ধ সবার জন্য এবং যদি যুদ্ধবিরতি হয়, তবে এই যুদ্ধবিরতি সমগ্র প্রতিরোধ ফ্রন্টের জন্য হওয়া উচিত। আলহামদুলিল্লাহ, রমজান যুদ্ধে এটিকে আমরা একটি বড় সাফল্য হিসেবে অর্জন করি।
নাবোয়ান জোর দিয়ে বলেন: আজ আমাদের শর্তগুলো পূরণ হয়েছে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের শর্তে যুদ্ধবিরতি গৃহীত হয়েছে।
ইরান কর্তৃক হরমুজ প্রণালী থেকে বাণিজ্যিক জাহাজ ছেড়ে দেওয়ার খবরের বিষয়ে তিনি বলেন: হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ চিরকাল ইরানি জাতির নিয়ন্ত্রণে থাকবে।
যুদ্ধবিরতিতে আমাদের শর্ত পূরণ হয়েছে উল্লেখ করে নাবোয়ান বলেন: যুদ্ধবিরতির বিষয়ে, আমরা জোর দিয়েছিলাম যে শুধুমাত্র বাণিজ্যিক জাহাজগুলোই যেতে পারবে, এবং তা ইরানের শর্তগুলো মাথায় রেখেই। ইরানের শর্তগুলোও স্পষ্ট। আমরা জাহাজ চলাচলের জন্য মাশুল আদায় করব।
ইরানের নৌ অবরোধ বহাল থাকবে বলে ট্রাম্পের মন্তব্যের প্রসঙ্গে তিনি বলেন: আমাদের জাহাজগুলো এখনও চলাচল করছে। প্রকৃতপক্ষে, ইরানের নৌ অবরোধ ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে; কারণ আমাদের বেশিরভাগ বাণিজ্যই চীনের সাথে হয়। আমেরিকা ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করার সাহস করে না। কারণ এক্ষেত্রে বাব আল-মান্দাব বন্ধ হয়ে যাবে, ইরানের এটা করার কোনো প্রয়োজন নেই, এমনকি ইয়েমেনেরও এটি বন্ধ করার দরকার নেই, আমাদের কাছে অন্য শক্তিও আছে।
তিনি আরও বলেন: নৌ অবরোধ করতে গিয়েআমেরিকা চাপের মধ্যে পড়বে, উপরন্তু, হরমুজ প্রণালী দিয়ে ইরানে প্রবেশ বা ইরান থেকে বের হওয়া ৭০, ৮০ শতাংশ জাহাজই চীনের। আমেরিকা যদি নৌ অবরোধ করতে চায়, তবে তাকে চীনের সাথে যুদ্ধও শুরু করতে হবে; যা হবে আমাদের স্বার্থেই। কিন্তু আমেরিকা এটা করার সাহস করে না, কারণ তারা জানে যে এতে তাদের বিশাল পরাজয় হবে। #
পার্সটুডে/এমআরএইচ/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন