হর্ন অফ আফ্রিকায় নতুন সংঘাতপূর্ণ এলাকা তৈরি করবেন না
https://parstoday.ir/bn/news/world-i158620-হর্ন_অফ_আফ্রিকায়_নতুন_সংঘাতপূর্ণ_এলাকা_তৈরি_করবেন_না
পার্সটুডে- সোমালিয়ার তথ্যমন্ত্রী "সোমালিল্যান্ড" নামে পরিচিত স্বায়ত্তশাসিত অঞ্চলে একজন ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের বিরুদ্ধে তার দেশের দৃঢ় বিরোধিতার কথা ঘোষণা করে সতর্ক করেছেন যে, এই পদক্ষেপ হর্ন অফ আফ্রিকা অঞ্চলে নতুন উত্তেজনার কেন্দ্র তৈরি করতে পারে।
(last modified 2026-04-20T03:29:06+00:00 )
এপ্রিল ২০, ২০২৬ ০৯:২৬ Asia/Dhaka
  • ইসরায়েলকে সোমালিয়ার সতর্কবার্তা
    ইসরায়েলকে সোমালিয়ার সতর্কবার্তা

পার্সটুডে- সোমালিয়ার তথ্যমন্ত্রী "সোমালিল্যান্ড" নামে পরিচিত স্বায়ত্তশাসিত অঞ্চলে একজন ইসরায়েলি কূটনৈতিক প্রতিনিধি নিয়োগের বিরুদ্ধে তার দেশের দৃঢ় বিরোধিতার কথা ঘোষণা করে সতর্ক করেছেন যে, এই পদক্ষেপ হর্ন অফ আফ্রিকা অঞ্চলে নতুন উত্তেজনার কেন্দ্র তৈরি করতে পারে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, সোমালিয়ার তথ্যমন্ত্রী দাউদ ওয়াইস জাম্মেহ টেলিভিশনে দেয়া বিবৃতিতে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল "সোমালিল্যান্ড"-কে স্বীকৃতি দেওয়ার ইসরায়েলি সরকারের যেকোনো পদক্ষেপের নিন্দা জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন: "সোমালিয়ার সরকার জাতিসংঘের সাথে যোগাযোগের মাধ্যমে এই বিষয়টি নিয়ে কাজ করবে।"

তিনি ইসরায়েলি সরকারকে এই অঞ্চলের স্থিতিশীলতা বিঘ্নিত করে এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন এবং উল্লেখ করেছেন যে, এই ধরনের পদক্ষেপ হর্ন অফ আফ্রিকা অঞ্চলে নতুন উত্তেজনার কেন্দ্র তৈরি করতে পারে।

এর আগে, শনিবার মিশর, সোমালিয়া, সুদান, লিবিয়া, বাংলাদেশ, আলজেরিয়া, সৌদি আরব, ফিলিস্তিন, তুরস্ক এবং ইন্দোনেশিয়াসহ ১০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা "সোমালিল্যান্ড" নামে পরিচিত অঞ্চলে ইসরায়েলি সরকারের প্রতিনিধি নিয়োগের তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই পদক্ষেপকে ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

তাদের বিবৃতিতে, এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এমনসব একতরফা পদক্ষেপের প্রতি তাদের দৃঢ় বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেছেন যা দেশগুলোর ঐক্যকে ক্ষতিগ্রস্ত করে বা তাদের সার্বভৌমত্ব খর্ব করে। তারা ফেডারেল রিপাবলিক অফ সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার পাশাপাশি সোমালি জনগণের ইচ্ছার একমাত্র প্রতিনিধি হিসেবে এর আইনি প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন।

সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের পতনের পর ১৯৯১ সাল থেকে কার্যত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত সোমালিল্যান্ডকে জাতিসংঘের কোনো সদস্য রাষ্ট্রই স্বীকৃতি দেয়নি।#

পার্সটুডে/এমআরএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন