আহমদ নওরোজি'র সাক্ষাৎকার
সাম্প্রতিক যুদ্ধে আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের দৃষ্টিভঙ্গি কী ছিল?
-
আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি
আমেরিকা-ইসরায়েলের সাম্প্রতিক চাপিয়ে দেওয়া যুদ্ধে বিশ্ববাসীর কাছে সঠিক তথ্য ও প্রথম সারির খবর পৌঁছে দিতে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বিশ্ব কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই তথ্যযুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের ইরান সফরের মতো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছিল।
ইরানের মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন আইআরআইবি'র বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি।
প্রথম সারির খবর ও সম্পাদকীয় নীতি
পার্সটুডে'র প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে নওরোজি জানান, সাম্প্রতিক যুদ্ধ ও উদ্ভূত পরিস্থিতির কারণে তাদের কাছে 'সংবাদ' ছিল সবচেয়ে বড় অগ্রাধিকার। দেশ ও সংস্থার নির্ধারিত সম্পাদকীয় নীতিমালা মেনে, সবার আগে নির্ভরযোগ্য ও প্রথম সারির খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে তার বিভাগ দিনরাত কাজ করেছে। পুরো টিম এই দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেছে বলে তিনি মনে করেন।
ইংরেজি ও আরবিভাষী দর্শকদের ব্যাপক সাড়া
কোন্ ভাষার দর্শকদের মাঝে ইরানের এই সংবাদ কৌশল সবচেয়ে বেশি সাড়া ফেলেছে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, স্বাভাবিকভাবেই যে ভাষার পরিধি যত বড়, সেখানে দর্শক সংখ্যাও তত বেশি। সেই হিসাবে বিশ্বজুড়ে ইংরেজি ভাষার দর্শকরা ইরানের খবর সবচেয়ে বেশি গ্রহণ করেছেন। এর পরপরই তালিকায় রয়েছে আরবি এবং স্প্যানিশ ভাষা।
সংবাদ ও বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা
এবারের যুদ্ধে ইরানের গণমাধ্যমগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ছিল চোখে পড়ার মতো। এ সম্পর্কে আহমাদ নওরোজি বলেন, সংবাদ প্রক্রিয়াকরণ এবং বিশেষ করে জটিল খবরের বিশ্লেষণে পরিপূরক হিসেবে ব্যাপকভাবে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ বা এআই ব্যবহার করা হয়েছে। বৈদেশিক সম্প্রচার বিভাগের বিভিন্ন মাধ্যমে এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা বেশ কিছু ভিডিও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে।
বিদেশি সাংবাদিকদের ইরান সফর
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সাথে যোগাযোগ সচল রাখার কথা উল্লেখ করে তিনি জানান, "এখন পর্যন্ত ২টি মিডিয়া ট্যুর আয়োজন করা হয়েছে এবং কিছু বিদেশি গণমাধ্যমকর্মী, যারা এই সময়ে ইরানে আসতে আগ্রহী ছিলেন, তারা দেশে এসেছেন। আমার মনে হয়, একটি পরিপূরক আখ্যান বা বর্ণনা হিসেবে এই পদক্ষেপটিও অত্যন্ত কার্যকর এবং উল্লেখযোগ্য ছিল।"#
পার্সটুডে/এমএআর/২১