ইহুদিবাদী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জার্মান শিক্ষার্থীদের একাডেমিক বয়কটের দাবি
-
বার্লিনে জার্মান শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
পার্সটুডে-জার্মান শিক্ষার্থীরা ইহুদিবাদী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একাডেমিক বয়কটের দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
তারা বার্লিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে একাডেমিক বয়কটের যেন তারা সাড়া দেয়। ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানায়, বৃহস্পতিবার জার্মানির ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিনের শিক্ষার্থীরা সামাজিক ও সাংস্কৃতিক নৃতত্ত্ব ইনস্টিটিউটের সামনে বিক্ষোভ সমাবেশ করে। শিক্ষার্থীরা “গণহত্যার বিরুদ্ধে শিক্ষার্থীরা: সহযোগিতা বন্ধ করুন” এবং “নৃতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক বয়কট চায়” লেখা ব্যানার বহন করে।
বিক্ষোভে বক্তারা ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিনের প্রতি আহ্বান জানায় যেন তারা ইসরায়েলি একাডেমিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে। তারা সতর্ক করে বলেন, এই সম্পর্ক অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয়টি গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদী ইসরায়েলি নীতির সহযোগী হিসেবে বিবেচিত হবে।
বিক্ষোভকারী জার্মান শিক্ষার্থীরা “গণহত্যা বন্ধ করো”, “ইসরায়েলকে বয়কট করো”, “বার্লিন থেকে গাজা, ইন্তিফাদা” এবং “ফিলিস্তিনের স্বাধীনতা” ইত্যাদি স্লোগান দেয়।
এর আগে, গাজার উদ্দেশ্যে যাত্রারত ত্রাণবাহী বহরের আটক কর্মীদের সঙ্গে ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের অপমানজনক আচরণের ভিডিও প্রকাশের পর, ইউরোপের কয়েকজন আইনপ্রণেতা নেতানিয়াহু সরকারের সমালোচনা করে তাকে “চরমপন্থী ও বর্ণবাদী” বলে অভিহিত করেন। তারা ওই ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তেল আবিবের সহযোগিতা চুক্তি স্থগিত করার দাবি জানায়।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।