মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে কিউবার প্রতিক্রিয়া: আমরা আগ্রাসনের মোকাবিলা করব
পার্সটুডে– কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল এবং পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেছেন, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে এবং হাভানার বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ও চাপ মোকাবেলা করা হবে।
পার্সটুডে আরও জানিয়েছে, কিউবার প্রেসিডেন্ট দিয়াস-কানেল শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টনতুনকরে হুমকিপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং মার্কিন ট্রেজারি বিভাগ কিউবার কিছু নেতা, প্রতিষ্ঠান ও কোম্পানিকে নতুন করে অবৈধ নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে।
তিনি বলেন, অবরোধ আরও শক্তিশালী করতে এবং উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সাম্প্রতিক সপ্তাহগুলোর দমনমূলক পদক্ষেপের ধারাবাহিকতা, যা কিউবার জনগণের ক্ষতি করার জন্য পরিকল্পনা মাফিক করা হয়েছে।
কিউবার প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকারের আগ্রাসন এবং অবৈধ নীতি আমাদের দৃঢ় জবাবের সম্মুখীন হবে। আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত এবং সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।
অন্যদিকে, কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ একই দিন ‘এক্স’-এ যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে “লজ্জাজনক” বলে উল্লেখ করেন। তিনি বলেন, কিউবার প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিক সমাজ-সংগঠনকে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক নীতির সর্বশেষ প্রমাণ।তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সংঘাত তৈরির যেকোনো মার্কিন উদ্যোগ ব্যর্থ হবে এবং কিউবার স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ জনগণের পক্ষ থেকে দৃঢ় প্রতিরোধের মুখে পড়বে।#
পার্সটুডে/এস এ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন