হরমুজ প্রণালী পুনরায় খুলতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে: টাকার কার্লসন
https://parstoday.ir/bn/news/world-i160250-হরমুজ_প্রণালী_পুনরায়_খুলতে_যুক্তরাষ্ট্র_ব্যর্থ_হয়েছে_টাকার_কার্লসন
পার্সটুডে- আমেরিকার একজন বিশিষ্ট রক্ষণশীল গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কার্লসন এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, পশ্চিম এশিয়ার সংকটের বর্তমান ঘটনাপ্রবাহ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা তুলে ধরেছে। তিনি আরও বলেন, বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা সত্ত্বেও ওয়াশিংটন হরমুজ প্রণালী পুনরায় খুলতে ব্যর্থ হয়েছে।
(last modified 2026-06-12T09:04:48+00:00 )
জুন ১২, ২০২৬ ১৪:৫৮ Asia/Dhaka
  • টাকার কার্লসন
    টাকার কার্লসন

পার্সটুডে- আমেরিকার একজন বিশিষ্ট রক্ষণশীল গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কার্লসন এক বিবৃতিতে জোর দিয়ে বলেছেন, পশ্চিম এশিয়ার সংকটের বর্তমান ঘটনাপ্রবাহ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সীমাবদ্ধতা তুলে ধরেছে। তিনি আরও বলেন, বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা সত্ত্বেও ওয়াশিংটন হরমুজ প্রণালী পুনরায় খুলতে ব্যর্থ হয়েছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আমেরিকার একজন বিশিষ্ট রক্ষণশীল গণমাধ্যম ব্যক্তিত্ব টাকার কার্লসন তার ইউটিউব চ্যানেলে বলেছেন: ১২০ বিলিয়ন ডলার মূল্যের বিমানবাহী রণতরী থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী সুরক্ষিত করতে অক্ষম।

এমন কিছু বিষয় রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্র সমাধান করতে পারে না উল্লেখ করে তিনি আরও বলেন: বর্তমান সংকট ওয়াশিংটনের শক্তির দুর্বলতা প্রদর্শন করছে এবং পশ্চিম এশিয়ায় সংকট বিস্তারে মার্কিন পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত গ্রহণে তাদের দুর্বলতাকে তুলে ধরেছে।

এই মার্কিন গণমাধ্যম ব্যক্তিত্ব ট্রাম্পের সম্ভাব্য চুক্তি সংক্রান্ত বারবার দেওয়া বিবৃতি, যা পরে বাস্তবায়িত হয় না, সেদিকেও ইঙ্গিত করে জোর দিয়ে বলেন: এই বারবার দেওয়া এবং নিষ্ফল বিবৃতিগুলো আলোচনা প্রক্রিয়ার কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে।

দ্য গার্ডিয়ান পত্রিকা এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরান যুদ্ধের একজন অবিশ্বস্ত বর্ণনাকারী হিসেবে ‌উল্লেখ করে লিখেছিল, তিনি বারবার একটি চুক্তির কাছাকাছি থাকার কথা বললেও কোনো চুক্তি হয়নি, বরং উত্তেজনা এবং সামরিক হামলা অব্যাহত রয়েছে।

ফরাসি পত্রিকা লা মঁদও ‘ইরানের ফাঁদে ট্রাম্পের অযোগ্যতা’ শিরোনামের একটি নিবন্ধে লিখেছে, ইরানের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের ‘শক্তির মাধ্যমে শান্তি’ স্লোগানটি তার দাবি অনুযায়ী ফল অর্জন করতে পারেনি। ফরাসি গণমাধ্যম জোর দিয়ে বলেছে, ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য একটি রাজনৈতিক বিপর্যয় ডেকে এনেছে এবং ওয়াশিংটনের দ্রুত বিজয়ের পরিবর্তে, পরিস্থিতি এমন একটি সম্ভাব্য চুক্তির দিকে এগোচ্ছে যা আমেরিকার প্রাথমিক লক্ষ্য থেকে অনেক দূরে।

রয়টার্সও একটি প্রতিবেদনে এই যুদ্ধের ফলে সৃষ্ট ক্রমবর্ধমান অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সম্পর্কে লিখেছে, উত্তেজনা বৃদ্ধির কারণে জ্বালানির দাম বেড়েছে এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে ইরান যুদ্ধ হোয়াইট হাউসের জন্য একটি রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে।#

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।