আলোচনায় ইরান সুবিধাজনক অবস্থান অর্জন করেছে: জন বোল্টন
-
যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন
পার্সটুডে-যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চুক্তির সমালোচনা করে বলেছেন, যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রবল আগ্রহ উপলব্ধি করে ইরান আরও বেশি ছাড় আদায় করতে সক্ষম হয়েছে।
পার্সটুডে জানিয়েছে, ইউরোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জন বোল্টন বলেন, ইরান যখন বুঝতে পারে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতায় পৌঁছাতে মরিয়া, তখন তারা আলোচনায় প্রাধান্য অর্জন করে এবং নিজেদের জন্য অনেক বেশি অনুকূল শর্ত নিশ্চিত করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, অর্জিত চুক্তির কাঠামো ইরানের পক্ষে গেছে এবং মার্কিন প্রেসিডেন্ট কৌশলগত বিবেচনার চেয়ে অর্থনৈতিক বিবেচনাকেই অগ্রাধিকার দিয়েছেন।
বোল্টনের ভাষায়: ট্রাম্প এই চুক্তির কৌশলগত ও ভূ-রাজনৈতিক পরিণতি নিয়ে ভাবছেন না। তিনি শুধু একটি বিষয় চান-প্রণালীটি খোলা থাকুক, পারস্য উপসাগরের তেল বিশ্ববাজারে প্রবেশ করুক এবং পেট্রোলের দাম কমে যাক। তাঁর কাছে গুরুত্বপূর্ণ বিষয় শুধু এটুকুই।
ইরানের অবস্থান সম্পর্কে তিনি আরও বলেন: তেহরান ট্রাম্পের অবস্থান সঠিকভাবে মূল্যায়ন করেছে। তাই একটি চুক্তির জন্য ট্রাম্পের ব্যাপক আগ্রহের বিষয়টিকে ইরানিরা নিজেদের পক্ষে কাজে লাগাতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে/এনএম/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।