কোয়েটার হাসপাতালে বোমা; বার সভাপতি ও সাংবাদিকসহ নিহত ৬৩
https://parstoday.ir/bn/news/world-i16684-কোয়েটার_হাসপাতালে_বোমা_বার_সভাপতি_ও_সাংবাদিকসহ_নিহত_৬৩
পাকিস্তানের কোয়েটা শহরের একটি বেসামরিক হাসপাতালে আজ (সোমবার) ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৬৩ জন নিহত ও ৪০ জনের বেশি জন আহত হয়েছেন। বিস্ফোরণের আগে গুলিতে বেলুচিস্তান আইনজীবী সমিতির সভাপতি বিলাল আনোয়ার কাসি মারা গেছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
আগস্ট ০৮, ২০১৬ ০৮:৫০ Asia/Dhaka
  • পাকিস্তানে বিস্ফোরণে বহু হতাহত
    পাকিস্তানে বিস্ফোরণে বহু হতাহত

পাকিস্তানের কোয়েটা শহরের একটি বেসামরিক হাসপাতালে আজ (সোমবার) ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ৬৩ জন নিহত ও ৪০ জনের বেশি জন আহত হয়েছেন। বিস্ফোরণের আগে গুলিতে বেলুচিস্তান আইনজীবী সমিতির সভাপতি বিলাল আনোয়ার কাসি মারা গেছেন।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় বার সভাপতি অ্যাডভোকেট বিলালকে হাসপাতালে আনার পর সেখানে বিস্ফোরণে ঘটে। বোমা বিস্ফোরণের ঘটনায় বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট বাজ মুহাম্মাদ কাকারসহ আরো কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। এছাড়া, হাসপাতালের জরুরি বিভাগের কাছ থেকে দীর্ঘক্ষণ গুলির শব্দ ভেসে আসছিল।

পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ‘আজ’ টিভির রিপোর্টার শেহজাদ আহমেদ নিহত এবং ইংরেজি দৈনিক ডনের ক্যামেরাম্যান মারাত্মকভাবে আহত হয়েছেন।      

বোমা বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনার পর হাসপাতাল এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তবে কেউ এ পর্যন্ত ঘটনার দায়িত্ব স্বীকার করে নি।

পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেইন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ঘৃণ্য এ হামলার তীব্র নিন্দা করেছেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নওয়াজ শরীফ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন ও সুশীল সমাজের সদস্যদের জন্য নিরাপত্তা আরো জোরদার করার নির্দেশ দিয়েছেন। এছাড়া, আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি।

এদিকে, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সানাউল্লাহ জেহরি আজকের হামলার জন্য ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র'কে দায়ী করেছেন। হামলার ঘটনা ও প্রকৃতি নিয়ে যখন তদন্ত চলছে তা শেষ হওয়ার আগেই তিনি এ মন্তব্য করলেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৮