পাকিস্তানে রহস্যজনক পোস্টার লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার
-
এই পোস্টার লাগানো হয়েছিল পাকিস্তানের ১৩ শহরে
পাকিস্তানে সামরিক আইন জারির আহ্বান জানিয়ে রহস্যজনক পোস্টার লাগানোর সঙ্গে জড়িত সংগঠন ‘মুভ অন পাকিস্তান’র প্রধান মোহাম্মদ কামরানকে গ্রেফতার করা হয়েছে।
গত মাসে সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফের ছবিসহ এ সব পোস্টার একরাতের মধ্যে রাজধানী ইসলামাবাদসহ দেশটির প্রধান ১৩টি শহরের রাস্তার পাশে লাগানো হলে ব্যাপক হইচই সৃষ্টি হয়েছিল। মুভ অন পাকিস্তান বা এমওপি নামের পাঞ্জাবের একটি অখ্যাত রাজনৈতিক দলের পক্ষ থেকে এ সব পোস্টার লাগানো হয়েছিল।
মোহাম্মদ কামরানকে ১৪ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এ ছাড়া, আলি রাজা এবং আসিফ ইকবাল নামে এমওপি’র দুই কর্মকর্তাকেও আটক করা হয়েছে। এর আগে ইসলামাবাদ হাইকোর্ট থেকে তিনজনই ২২ জুলাই পর্যন্ত আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তাদের আটক করা হয়।
ইসলামাবাদের পুলিশ প্রায় ছয় দিন আগে কামরানকে আটক করে। বাকি দু’জন স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
রাষ্ট্রদ্রোহিতা, ষড়যন্ত্র এবং অপরাধমূলক বিবৃতি দেয়ার অভিযোগ এ তিনজনকে আটক করা হয়। অবশ্য আটক ব্যক্তিদের বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা দায়ের করা হয় নি।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৯