ইরানকে দুর্বল করতে দায়েশকে টিকিয়ে রাখা জরুরি: ইসরাইলি সংস্থা
কৌশলগত বিষয়ের ইসরাইলি গবেষণা সংস্থা বেগিন-সাদাত সেন্টারের প্রধান ইফরাইম ইনবার বলেছেন, ওয়াহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএল গোষ্ঠীকে পুরোপুরি ধ্বংস করা ঠিক হবে না।
কিন্তু দুর্বল অথচ কাজ চালিয়ে যেতে সক্ষম দায়েশের অস্তিত্ব পশ্চিম এশিয়ায় ইরানের একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টাকে বাধাগ্রস্ত করাসহ আরও কিছু সুবিধা বয়ে আনতে পারে বলে তিনি মন্তব্য করেছেন।
ইহুদিবাদী ইসরাইলের এই সংস্থার প্রধান বলেছেন, আইএসআইএল গোঁড়া মুসলমানদের মধ্যে খিলাফতের আবেদন দুর্বল করতে পারে এবং দায়েশের কারণে পশ্চিমা লক্ষ্যবস্তুগুলোকে টার্গেট না করে ওরা একে-অন্যের ওপর চড়াও হওয়াকে গুরুত্ব দেবে। তিনি বলেছেন, আইএসআইএলকে পুরোপুরি ধ্বংস করা হবে কৌশলগত ভুল।
ইনবারের এই নিবন্ধ গত ২ আগস্ট প্রকাশ করা হয়।
এর আগে ইহুদিবাদী ইসরাইলের শীর্ষস্থানীয় পুরোহিত দায়েশকে ইসরাইলের জন্য বিধাতার আশীর্বাদ বলে মন্তব্য করেছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও দায়েশ সৃষ্টিতে সহায়তার জন্য হিলারি ক্লিনটনের সমালোচনা করেছেন।
ইনবার আরও লিখেছেন, মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের হাতে দায়েশের খিলাফতকে পুরোপুরি ধ্বংস করার চেষ্টা এ ধারণার জন্ম দেবে যে পাশ্চাত্য ইসলামকে বিলুপ্ত করতে চায় এবং এর ফলে পাশ্চাত্যের সব কিছুর বিরুদ্ধেই মুসলমানদের ঘৃণা বাড়তে থাকবে।
অনেক বিশ্লেষক মনে করেন ইসলামী ইরান ও তার মিত্রদের সঙ্গে পরোক্ষভাবে লড়াই করার জন্যই ইহুদিবাদী ইসরাইল এবং মার্কিন উদ্যোগে দায়েশ তথা আইএসআইএলকে গড়ে তোলা হয়েছে।
ইসরাইলি গবেষণা সংস্থা বেগিন-সাদাত সেন্টারের প্রধান আরও লিখেছেন, ‘দায়েশকে ধ্বংস করা হলে রাশিয়া শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যে মস্কোর প্রভাব জোরদার হবে। এর পাশাপাশি ইরাকের ওপর ইরানের নিয়ন্ত্রণ আরও বাড়বে এবং হিজবুল্লাহকেও দায়েশের সঙ্গে যুদ্ধ করতে হবে না।’ ইনবার আরও লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে নিজ থেকেই বা আপনাআপনিই শান্তি প্রতিষ্ঠা অর্থহীন। মধ্যপ্রাচ্যে শান্তি তখনই আমাদের কাম্য হবে যখন তা আমাদের স্বার্থ রক্ষা করবে। দায়েশের পরাজয় এ অঞ্চলে ইরানের কর্তৃত্ব ও একক আধিপত্য বাড়িয়ে দিতে পারে এবং এর ফলে মধ্যপ্রাচ্যে রাশিয়ার ভূমিকা হবে জোরালো ও আসাদ সরকারের ক্ষমতার মেয়াদও আরও বাড়বে।’
ইনবার একই প্রসঙ্গে আরও লিখেছেন, তেহরান, মস্কো ও দামেস্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়। কারণ, এদের কাছে আমেরিকা ও পাশ্চাত্যকে সহায়তা দেয়া গুরুত্বপূর্ণ নয়।
ইসরাইলি ওই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট এটা বুঝতে পারেননি যে এ অঞ্চলে ইরানই তার আসল শত্রু , দায়েশ নয়। দায়েশের বিরুদ্ধে হুমকি বাড়িয়ে মার্কিন সরকার মধ্যপ্রাচ্যে এই গোষ্ঠীর সঙ্গে ইরানের লড়াইকে বৈধতা দিয়েছে। মার্কিন সরকার এটা বুঝতে পারেনি যে মধ্যপ্রাচ্যের ওপর ইরানের কর্তৃত্ব প্রতিষ্ঠার ইচ্ছাকে দুর্বল করার জন্য দায়েশ এক লাভজনক হাতিয়ার।’
অনেক বিশ্লেষক বলছেন, দায়েশের উৎপাত শুরু না হলে হিজবুল্লাহ এতদিনে মুসলমানদের প্রথম কিবলার দখলদার ইহুদিবাদী ইসরাইলকে অনেক বেশি দুর্বল করে ফেলত। #
পার্সটুডে/মু.আ.হুসাইন/১২