ব্রিটিশ স্কুলছাত্রীর দায়েশে যোগদান; পরে বিমান হামলায় নিহত
-
খাদিজা সুলতানা
সিরিয়ায় সহিংসতায় লিপ্ত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইল বা দায়েশে যোগ দেয়া ব্রিটেনের এক স্কুলছাত্রী বিমান হামলায় নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে দায়েশে যোগ দিতে ব্রিটেন থেকে তুরস্ক হয়ে তিন তরুণী সিরিয়ায় গিয়েছিল। এরা হচ্ছে ১৭ বছরের খাদিজা সুলতানা এবং ১৫ বছরের শামীমা বেগম ও আমিরা আবাসে। ধারণা করা হচ্ছে- দায়েশের অনলাইন প্রচারণার ফাঁদে পড়ে ব্রিটিশ স্কুলের এসব ছাত্রী সিরিয়ায় গেছে।
এর আগে প্রচারিত সিসিটিভি’র ফুটেজে দেখা গেছে- এ তিন তরুণী তুরস্কের দক্ষিণাঞ্চলে যাওয়ার জন্য ইস্তাম্বুল শহরের একটি বাস স্টেশন পার হচ্ছে। ধারণা করা হচ্ছে- তারা তিনজনই সিরিয়ায় গিয়েছিল।
ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, দায়েশে যোগ দেয়ার পর খাদিজা সুলতানার মোহ ভাঙে এবং সে দায়েশ থেকে পালিয়ে ব্রিটেনে ফিরে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু সুলাতানার পরিবার মনে করছে- সে রুশ বিমান হামলায় মারা গেছে। মারা যাওয়ার আগে তার সঙ্গে পরিবারের লোকজন ফোনে কথা বলেছিলেন।
সুলতানা তার বোনকে বলেছিল, “আমি ভালো বোধ করছি না। আমি ভয় পাচ্ছি...তুমি জান যে, এ মুহুর্তে সীমান্ত বন্ধ রয়েছে; অতএব আমি কীভাবে এখান থেকে বের হব?”
ধারণা করা হচ্ছে- শামীমা বেগম ও আমিরা আবাসে এখনো সিরিয়ার উত্তারঞ্চলীয় রাকা শহরে দায়েশের হাতে রয়ে গেছে।
ব্রিটিশ কর্তৃপক্ষ ধারণা করছে- দায়েশের হয়ে লড়াই করতে অন্তত ৮০০ ব্রিটিশ নাগরিক ইরাক ও সিরিয়া গেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২