বুরকিনি’র ওপর থেকে নিষেধাজ্ঞা তুলবেন না ফরাসি মেয়ররা
ফ্রান্সের সর্বোচ্চ নির্বাহী আদালত মুসলিম নারীদের বুরকিনি’র ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে রায় দেয়া সত্ত্বেও তা মানতে রাজি হননি দেশটির বিভিন্ন শহরের মেয়ররা।
ফ্রান্সের কাউন্সিল অব স্টেট শুক্রবার মুসলিম নারীদের পুরো শরীর আবৃত করে প্রকাশ্যে গোসল করার পোশাক- বুরকিনির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে দেয়। আদালতের রায়ে বলা হয়, পোশাকের স্বাধীনতা এবং স্বাধীনভাবে ধর্মীয় মত প্রকাশের ব্যাপারে ফ্রান্সের সংবিধান দেশটির নাগরিকদের যে অধিকার দিয়েছে এ নিষেধাজ্ঞার ফলে তা লঙ্ঘিত হয়েছে।
ফ্রান্সের ভিলেনু-লুবে শহরে বুরকিনির ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে মানবাধিকার সংগঠন লীগ অব হিউম্যান রাইটস আদালতে মামলা করার পর কাউন্সিল অব স্টেট ওই রায় দেয়। দেশটির কাউন্সিল অব দ্যা মুসলিম ফেইথ আদালতের রায়কে স্বাগত জানিয়ে একে ‘সাধারণ জ্ঞানের বিজয়’ বলে অভিহিত করেছে।
কিন্তু আদালতের রায় ঘোষণার দু’দিন পর রোববার পর্যন্ত ফ্রান্সের অন্তত ২০টি শহরের মেয়ররা এ নির্দেশ বাস্তবায়ন করতে রাজি হননি। মেয়রদের জারি করা নিষেধাজ্ঞার ফলে বুরকিনি পরিহিত যেকোনো নারীকে মিউনিসিপাল পুলিশ জরিমানা করতে পারবে। অথচ সর্বোচ্চ নির্বাহী আদালতের রায়ে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা নাগরিকদের ‘মৌলিক অধিকারের মারাত্মক ও অন্যায় লঙ্ঘন’।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী বের্নার্দ কাযেনুভ রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, বুরকিনির ওপর নিষেধাজ্ঞা শুধু সাম্প্রদায়িক উত্তেজনাই সৃষ্টি করছে না সেইসঙ্গে এটি অসাংবিধানিকও বটে। তিনি বলেন, ‘আমাদের নতুন করে কোনো আইনের প্রয়োজন নেই। বিদ্যমান আইনেই ফরাসি সেক্যুলারিজম রক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।’#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯