দায়েশ মুখপাত্র আদনানি আমাদের বিমান হামলায় মারা গেছে: রাশিয়া
-
দায়েশের মুখপাত্র ও প্রধান কৌশলবিদ আবু মুহাম্মাদ আল-আদনানি
সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মুখপাত্র ও প্রধান কৌশলবিদ আবু মুহাম্মাদ আল-আদনানি রাশিয়ার বিমান হামলায় মারা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) এক বিবৃতিতে এ কথা বলেছে।
বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে মঙ্গলবার রুশ এসইউ-৩৪ যুদ্ধবিমানের হামলায় যে ৪০ সন্ত্রাসী নিহত হয়েছে তার মধ্যে আদনানি ছিল। দায়েশের এ ফিল্ড কমান্ডারের মৃত্যুর খবর বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিশ্চিত হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আদনানির মৃত্যুর বিষয়ে আমেরিকাও বলেছে, শীর্ষ পর্যায়ের এ সন্ত্রাসীকে লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কথা নিশ্চিত করতে পারে নি। পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক গতকাল বলেছেন, আমেরিকা বিমান হামলার ফলাফল বিশ্লেষণ করছে। এর আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আদনানিকে ধরিয়ে দেয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল।
মঙ্গলবার দায়েশের কথিত ওয়েবসাইট ‘আমাক নিউজ’ জানায়, আলেপ্পোয় সরকারি সেনা অভিযান প্রতিহত করতে গিয়ে সে নিহত হয়েছে। আদনানি ছিল দায়েশের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা এবং পশ্চিমা দেশগুলোতে জঙ্গি হামলার প্রধান পৃষ্ঠপোষক। ইউরোপে হামলা চালানোর লক্ষ্যে এই জঙ্গি গোষ্ঠীতে লোক ভর্তি ও প্রশিক্ষণ দেয়ার কাজ তদারকি করত সে। সাইট ইন্টেল গ্রুপ জানিয়েছে, দায়েশ তাদের এই গুরুত্বপূর্ণ জঙ্গির মৃত্যুর প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে।
গত চার বছর ধরে আলেপ্পো শহরের পশ্চিম অংশ সরকারি বাহিনী এবং পূর্ব অংশ উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ নিয়ন্ত্রণ করছে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা দায়েশের নিয়ন্ত্রিত এলাকা পুনর্দখলের জন্য বর্তমানে সেখানে সাঁড়াশি অভিযান চালাচ্ছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১