সিরিয়া-তুর্কি সীমান্ত থেকে দায়েশ বিতাড়িত হয়েছে: ইলদিরিম
https://parstoday.ir/bn/news/world-i19216-সিরিয়া_তুর্কি_সীমান্ত_থেকে_দায়েশ_বিতাড়িত_হয়েছে_ইলদিরিম
সিরিয়া-তুর্কি সীমান্তে নিজেদের শেষ আস্তানাগুলো থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে হটিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, তুর্কি সেনাবাহিনী এবং আঙ্কারা-সমর্থিত যোদ্ধারা সফলভাবে সীমান্ত এলাকাকে সন্ত্রাসীমুক্ত করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ০২:২৮ Asia/Dhaka
  • সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন তুর্কি সেনা
    সিরিয়ার উত্তরাঞ্চলে মোতায়েন তুর্কি সেনা

সিরিয়া-তুর্কি সীমান্তে নিজেদের শেষ আস্তানাগুলো থেকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে হটিয়ে দেয়া হয়েছে বলে দাবি করেছে তুরস্ক। দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, তুর্কি সেনাবাহিনী এবং আঙ্কারা-সমর্থিত যোদ্ধারা সফলভাবে সীমান্ত এলাকাকে সন্ত্রাসীমুক্ত করেছে।

তুর্কি প্রধানমন্ত্রী রোববার এক টেলিভিশন ভাষণে বলেন, “আজাজ থেকে জারাবলুস পর্যন্ত আমাদের ৯১ কিলোমিটার দীর্ঘ সীমান্তকে সম্পূর্ণ নিরাপদ করা হয়েছে।  

লন্ডন-ভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ইলাদিরিমের এ দাবির সত্যতা নিশ্চিত করেছে। সংস্থাটি বলেছে, তুর্কি ট্যাংক ও জঙ্গিবিমানের ছত্রছায়ায় আঙ্কারা-সমর্থিত যোদ্ধারা বহু গ্রাম দায়েশের কবল থেকে মুক্ত করেছে। এর ফলে তুর্কি-সিরিয়া সীমান্তে দায়েশের উপস্থিতির পরিসমাপ্তি ঘটেছে।

সিরিয়ায় গত পাঁচ বছর ধরে চলমান সংঘাতে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীগুলোকে শুরু থেকেই পৃষ্ঠপোষকতা দিয়ে আসছিল তুরস্ক। সারাবিশ্ব থেকে সন্ত্রাসীদের সিরিয়ায় অনুপ্রবেশের নিরাপদ রুট ছিল তুরস্ক। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আঙ্কারা সন্ত্রাসীদের সিরিয়ায় প্রবেশের সুযোগ করে দিয়েছিল।

কিন্তু তুর্কি সরকার এখন দাবি করছে, তারা সিরিয়ায় তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোকে দমনের জন্য দেশটিতে সেনা পাঠিয়েছে। গত ২৪ আগস্ট বিমান বাহিনীর ছত্রছায়ায় সিরিয়ার উত্তরাঞ্চলে স্থলসেনা পাঠিয়েছে তুরস্ক। আঙ্কারা এ অভিযানের নাম দিয়েছে অপারেশন ইউফ্রেটিস শিল্ড।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫