‘চার জাতিগোষ্ঠীর আফগান শান্তি প্রক্রিয়া পুরোপুরি অচল হয়ে পড়েছে’
পাকিস্তান, আফগানিস্তান, চীন ও আমেরিকাকে নিয়ে গঠিত চার জাতিগোষ্ঠীর আফগান শান্তি প্রক্রিয়া পুরোপুরি অচল হয়ে পড়েছে। কাবুল সরকারের সঙ্গে আফগান তালেবানকে সরাসরি আলোচনায় বসানোর লক্ষ্যে চার জাতিগোষ্ঠী তৎপরতা শুরু করেছিল।
চার জাতিগোষ্ঠীর আলোচনায় জড়িত পাক কর্মকর্তারা দেশটির গণমাধ্যমকে বলেছেন, ওয়াশিংটন ও কাবুলের অনীহার কারণে এ প্রক্রিয়া পুরোপুরি অচল হয়ে পড়েছে।
আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে গঠন হয়েছিল চার জাতিগোষ্ঠী। মে মাসের ১৮ তারিখে ইসলামাবাদে চার জাতিগোষ্ঠীর শেষ বৈঠক হয়। এতে সব পক্ষই শান্তিপূর্ণভাবে আফগান সংকটের সমাধানে সম্মত হয়েছিল।
কিন্তু এর মাত্র তিন দিন পরই বেলুচিস্তানের কাছে পাক-আফগান সীমান্তে মার্কিন ড্রোন হামলায় নিহত হন আফগান তালেবান নেতা মোল্লা আখতার মানসুর। এতে চার জাতিগোষ্ঠীর তৎপরতা সাময়িকভাবে হলেও অচল হয়ে পড়ে।
আফগানিস্তানের নাজুক শান্তি প্রক্রিয়ার জন্য ওই ড্রোন হামলাকে ক্ষতিকারক হিসেবে গণ্য করে চীন ও পাকিস্তান। কিন্তু এ সত্ত্বেও চার জাতিগোষ্ঠীর শান্তি প্রক্রিয়া আবার সচল করার উদ্যোগ অব্যাহত রাখে দেশ দু’টি।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পাক কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন ও কাবুণল সর্বশেষ এ শান্তি প্রক্রিয়াকে আমলে নেয়নি বা ইতিবাচক সাড়া দেয় নি। তিনি বলেন, মনে হচ্ছে এ প্রক্রিয়া শুরুর বিষয়ে আমেরিকা ও আফগানিস্তানের আর কোনো ইচ্ছা নেই। এ পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়াকে অচল হিসেবে ধরে নেয়া যাবে কিনা জানতে চাওয়া হলে ইতিবাচক জবাব দেন তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৫