মোদির 'বেলুচিস্তান নীতি' সমর্থন করল না আমেরিকা
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নীতিকে সমর্থন করে নি আমেরিকা। পাশাপাশি পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন অব্যাহত রাখার বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন।
ভারতের স্বাধীনতা দিবসে দেয়া ভাষণে বেলুচিস্তান নিয়ে বক্তব্য দেন মোদি। এর আগে পাকিস্তানের স্বাধীনতা দিবসকে কাশ্মিরের আত্মনিয়ন্ত্রণাধিকারের সংগ্রামের প্রতি উৎসর্গ করার ঘোষণা দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কিরবি সংবাদ ব্রিফিংয়ে বলেন, পাকিস্তানে ঐক্য এবং সংহতিকে সম্মান করে মার্কিন সরকার। এছাড়া, বেলুচিস্তানের কথিত স্বাধীনতাকে ওয়াশিংটন সমর্থন করে না বলেও জানান তিনি। বেলুচিস্তানে কথিত মানবাধিকার লঙ্ঘন এবং স্বাধীনতা সংগ্রামের বিষয়ে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন কিরবি।
বেলুচিস্তান প্রসঙ্গে মোদির দেয়া বক্তব্য প্রসঙ্গে মার্কিন প্রতিক্রিয়াও জানতে চান এ সাংবাদিক। জবাবে কিরবি বলেন, বেলুচিস্তান প্রসঙ্গে মার্কিন প্রতিক্রিয়া আগেই জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন বার্ষিক অধিবেশনে বেলুচিস্তান প্রসঙ্গ উত্থাপন করার কথা ভাবছে ভারত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের চলমান বিক্ষোভ-সহিংসতা নিয়ে সাধারণ পরিষদে পাকিস্তানের বক্তব্য ঠেকানোর জন্য এ পরিকল্পনা নেয়া হয়েছে।
সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার জন্য রোববার নিউ ইয়র্কে পৌঁছাবেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। অবশ্য এ বছরের সাধারণ পরিষদের বৈঠকে মোদি যোগ দেবেন না। জাতিসংঘে মোদির প্রতিনিধিত্ব করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।#
পার্সটুডে/মূসা রেজা/১৬