আমেরিকার ছোট ভাই নয় ফিলিপাইন: পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
-
ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী পারফেক্তো ইয়াসে
ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী পারফেক্তো ইয়াসে তার দেশকে 'ছোট ভাই' বিবেচনা করা থেকে বিরত থাকার জন্য মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনে এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় এ ধরণের আচরণ করার বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের প্রতি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পারফেক্তো বলেন, আমেরিকা জন্য চিরদিন বাদামি চামড়ার ছোট ভাই হয়ে থাকবে না ফিলিপাইন। এছাড়া, মানবাধিকার বিষয়ে ফিলিপাইনকে উপদেশ দেয়া থেকে বিরত থাকাতে এবং দেশটির মানুষের আশা-আকাঙ্ক্ষাকে মেনে নেয়ার জন্য মার্কিন নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ করে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে কঠোর বক্তব্য দেয়ার পর এ জ্বালাময়ী কথা বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
মার্কিন স্বার্থ থেকে আলাদা ও স্বতন্ত্র পররাষ্ট্র এবং সামরিক নীতি অনুসরণ করবে বলে প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে গত সপ্তাহে টেলিভিশন ভাষণে ঘোষণা দিয়েছেন।
মার্কিন অস্ত্রের ওপর ফিলিপাইনের একতরফা নির্ভরতাও কমানো হবে বলে ওই ভাষণে ঘোষণা দেন তিনি। চীন এবং রাশিয়া অস্ত্র কেনার বিষয়ে ফিলিপাইনকে স্বল্প সুদে ২৫ বছরের ঋণ দিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন রদ্রিগো দুতের্তে।#
পার্সটুডে/মূসা রেজা/১৫