দিল্লিতে পথচারীদের চোখের সামনে নারী হত্যা; তীব্র ক্ষোভ সৃষ্টি
-
পথচারীরা পাশবিক হত্যাকাণ্ডটি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছেন
ভারতের রাজধানী নয়াদিল্লির একটি ব্যস্ত সড়কে পথচারীদের চোখের সামনে এক নারীকে ২০ বারেরও বেশি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কিন্তু পথচারীরা তার সাহায্যে এগিয়ে না আসায় দেশটির জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থলে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি ২২ বছর বয়সি স্কুলশিক্ষিকা করুণাকে উপর্যপুরি ছুরিকাঘাত করছে যার ফলে তার মৃত্যু হয়। এই পাশবিক হত্যাকাণ্ডের পাশ দিয়ে নির্বিকারভাবে পথচারীরা হেঁটে যাচ্ছে।
এক পর্যায়ে হামলাকারী ব্যক্তি একটি পাথর দিয়ে করুণার মাথায় আঘাত করে এবং তাকে লাথি মারে।
অবশ্য শেষ পর্যন্ত হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে আসে এবং তাকে ধরে ফেলে। পুলিশ বলেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হবে। নিহত নারীকে ছুরিকাঘাত করার সময় অন্তত এক ব্যক্তি তার সাহায্যার্থে এগিয়ে আসেন কিন্তু হামলাকারীর হুমকিতে তিনি পিছিয়ে যান। এ ছাড়া, অন্য বহু মানুষকে এই পাশবিক দৃশ্য দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যেতে দেখা যায়।
দিল্লির পুলিশ কর্মকর্তা এশা পান্ডে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছেন, পরস্পরের প্রতিবেশী থাকা অবস্থায় হামলাকারী ব্যক্তি নিহত স্কুলশিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল কিন্তু ওই ব্যক্তি যে বিবাহিত তা জানার পর করুণা তাকে এড়িয়ে চলতে শুরু করে।
করুণার ভাই জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি এর আগেও তার বোনকে উত্তক্ত করেছে এবং এর প্রতিবাদে তারা পুলিশের কাছে অভিযোগ করেছেন। চার-পাঁচ মাস আগের ওই অভিযোগের সূত্র ধরে দুই পরিবার একটি সমঝোতায় পৌঁছে বলেও দিল্লির একজন পদস্থ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১