‘আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করায় ফিলিপাইনকে সমর্থন জানাল চীন-রাশিয়া’
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, রাশিয়া এবং চীনের কাছে আমেরিকার বিরুদ্ধে অভিযোগ জানানোর পর ওই দু’টি দেশ তাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। এক টেলিভিশন ভাষণে বলেছেন, লাওসে গত মাসে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনের অবকাশে ফিলিপাইনের প্রতি এ সমর্থন দেয় বেইজিং ও মস্কো।
শীর্ষ বৈঠকের অবকাশে রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভের সঙ্গে আলোচনায় আমেরিকার সঙ্গে তার দেশের চলমান সম্পর্ক তুলে ধরেন দুতের্তে।
মেদভেদভকে তিনি বলেন, মার্কিন সরকার তাকে অপমান করছে এবং তাকে কঠোর পরিস্থিতিতে ফেলেছে। এ সময় প্রেসিডেন্ট বারাক ওবামার সরকারকে তিনি নিলর্জ্জ বলে অভিহিত করেন।
তার এ অভিযোগের জবাবে মেদভেদভ বলেন, চরিত্রগত দিক থেকে মার্কিন সরকার এরকমই হয়ে থাকে। ফিলিপাইনকে রাশিয়া সহায়তা করবে বলেও আশ্বাস দেন তিনি।
চীনের কাছেও আমেরিকার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে বলে জানান ফিলিপাইনের প্রেসিডেন্ট। ওই অভিযোগের জবাবে চীন বলেছে, ফিলিপাইন যদি চীনের পক্ষ নেয় তাহলে দেশটি লাভবান হবে। অবশ্য চীনের কোন কর্মকর্তার সঙ্গে দুতের্তের আলাপ হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।
সম্প্রতি আমেরিকার সঙ্গে ফিলিপাইনের সম্পর্কের অবনতি হয়েছে। দেশটির মাদক বিরোধী অভিযান নিয়ে প্রেসিডেন্ট ওবামা উদ্বেগ প্রকাশ করার পর দুই দেশের সম্পর্কে টানাপড়েন দেখা দেয়।#
পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/৩