নাইজারে শরণার্থী শিবিরে বন্দুকধারীদের হামলা: ২২ সেনা নিহত
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে মালি থেকে আসা শরণার্থীদের একটি শিবিরে বন্দুকধারীদের হামলায় ২০ জনের বেশি সেনা নিহত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দেশটির তাহুয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনি জানিয়েছেন।
তিনি বলেন, "তাসালিতে অবস্থিত একটি শরণার্থী শিবিরে হামলা হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। এখন পর্যন্ত আমরা ২২ জন নিহত হওয়ার খবর পেরেছি। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।"
তবে শিবিরের কাছে একটি সেনা ছাউনিকে লক্ষ্য করে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে একজন স্থানীয় কর্মকর্তা জানিয়েছে। এতে আরো তিন সেনা আহত হয়েছে বলে জানান তিনি।
মালিতে উগ্র সন্ত্রাসীদের হামলার পর বহু শরণার্থী প্রতিবেশী নাইজারের ওই শিবিরে আশ্রয় নেয়। গত চার বছর আগে মালির উত্তর অংশে একটি মরুভূমি দখলে নেয়া সন্ত্রাসীদের কিছু অংশ আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে।
মালি থেকে সন্ত্রাসীদেরকে নির্মূল করার লক্ষ্যে ফ্রান্স তার সাবেক উপনিবেশিক এ দেশটিতে ২০০৩ সালে সেনা মোতায়েন করলেও সাহেল এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে। গত বছর ৫৪ হাজার শরণার্থী নাইজারে আশ্রয় নিয়েছে বলে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে। এছাড়া আরো ৩০০০ ব্যক্তি সেখানে যাওয়ার অপেক্ষায় আছে বলেও জানায় সংস্থাটি।#
পার্সটুডে/বাবুল আখতার/৭