নরওয়তে মোতায়েন হবে মার্কিন মেরিন: আলোচনা চলছে
https://parstoday.ir/bn/news/world-i22600-নরওয়তে_মোতায়েন_হবে_মার্কিন_মেরিন_আলোচনা_চলছে
নরওয়ে বলেছে, দেশটিতে মার্কিন মেরিন সেনা মোতায়েনের বিষয়ে অসলো-ওয়াশিংটন আলোচনা শুরু করেছে। নরওয়ের মাটিতে মেরিন সেনা মোতায়েনের বিষয়ে দীর্ঘদিন ধরে ইচ্ছা পোষণ করে আসছে আমেরিকা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০১৬ ০৮:২৪ Asia/Dhaka
  • নরওয়তে মোতায়েন হবে মার্কিন মেরিন: আলোচনা চলছে

নরওয়ে বলেছে, দেশটিতে মার্কিন মেরিন সেনা মোতায়েনের বিষয়ে অসলো-ওয়াশিংটন আলোচনা শুরু করেছে। নরওয়ের মাটিতে মেরিন সেনা মোতায়েনের বিষয়ে দীর্ঘদিন ধরে ইচ্ছা পোষণ করে আসছে আমেরিকা।

নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান ক্রিস্টিন সালবুভিক বলেন, বিষয়টি মূল্যায়ন করে দেখেছে নরওয়ের সেনাবাহিনী। তবে তিনি বলেন, নরওয়েতে মার্কিন সেনা স্থায়ীভাবে মোতায়েনের প্রশ্নই ওঠে না। তিনি বলেন, দেশটিতে ধাপে ধাপে মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, নরওয়ের ভারসেন সামরিক ঘাঁটিতে ৩০০ মেরিন সেনা মোতায়েনের কথা রয়েছে। ঘাঁটিটি রাশিয়া-নরওয়ে সীমান্ত থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত বলে জানান তিনি।

অবশ্য, মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এখনো কোনো রাজনৈতিক বিতর্ক হয় নি বলে উল্লেখ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইরিকসেন সোরেইড। তিনি বলেন, এ কারণে বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু বলা সম্ভব হচ্ছে না। স্বাভাবিকভাবেই এ সংক্রান্ত প্রস্তাব নিয়ে নরওয়ে সংসদ এবং সরকার আলোচনা করবে বলে জানান তিনি।

১৯৪৯ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো প্রতিষ্ঠা করা হয়েছিল। হামলার মুখে না পড়লে নরওয়ের মাটিতে বিদেশী সেনা মোতায়েন করা হবে না বলে সে সময় অঙ্গীকার ব্যক্ত করেছিল নরওয়ে। নরওয়েতে যদি মার্কিন সেনা মোতায়েন করা হয় তবে তা অসলোর এই অঙ্গীকারের বিরুদ্ধে যাবে। এ ধরনের পদক্ষেপ দেশটির সঙ্গে রাশিয়ার টানাপড়েন আরো বাড়াবে বলে মনে করা হচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/১১