‘বাগদাদি মসুল থেকে পালিয়েছেন’
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান আবু বকর আল-বাগদাদি ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি বলেছেন, ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো তাকে এমন খবরই জানিয়েছে।
জনসন ব্রিটিশ পার্লামেন্টে দেয়া এক বক্তৃতায় বলেছেন, “আমাদের কোনো কোনো গোয়েন্দা বলছেন, এই ব্যক্তি (আবু বকর আল-বাগদাদি) নিজে পালিয়ে গিয়ে ইন্টারনেটের মাধ্যমে অন্যদেরকে সহিংসতা চালিয়ে যেতে উস্কানি দিচ্ছে।”
ব্রিটেনের নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জনসন বলেন, সম্প্রতি ইরাকি সেনাবাহিনীর হাতে আবিস্কৃত ভূগর্ভস্থ টানেলগুলো ব্যবহার করে বাগদাদি মসুল থেকে পালিয়ে গিয়ে থাকতে পারেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এ বক্তব্য দিলেন যখন এর আগের খবরগুলোতে বলা হয়েছিল, ইরাকের সেনাবাহিনী মসুল মুক্ত করার অভিযান শুরু করার পর বাগদাদি এই শহরে আটকা পড়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার দায়েশ জঙ্গিরা ইন্টারনেটের মাধ্যমে একটি অডিও ফাইল ছড়িয়ে দেয় যাতে বাগদাদি বক্তব্য দিয়েছেন বলে দাবি করে তারা। ওই বক্তব্যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে ইরাকি সেনাবাহিনীর মোকাবিলা করতে দায়েশ জঙ্গিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
‘দায়েশের পরাজয় অবশ্যম্ভাবী’ উল্লেখ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, এই জঙ্গি গোষ্ঠী এরপর পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। তিনি জানান, জঙ্গিরা হুমকি দিয়েছে মসুল তাদের হাতছাড়া হয়ে গেলে তারা পোড়ামাটি নীতি অবলম্বন করবে।
ইরাকের সেনাবাহিনী কয়েকটি স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় গত ১৭ অক্টোবর থেকে মসুল পুনরুদ্ধারের বিশাল অভিযান শুরু করে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দায়েশের হাত থেকে শহরটি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে বাগদাদ সরকার। ২০১৪ সালে মসুল দখল করে কথিত খেলাফত ঘোষণা করেছিল দায়েশ এবং বাগদাদি নিজেকে স্বঘোষিত খলিফা দাবি করেছিলেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬