মসুলের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দেয়ার আহ্বান জানাল জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/world-i25552-মসুলের_বেসামরিক_নাগরিকদের_নিরাপত্তা_দেয়ার_আহ্বান_জানাল_জাতিসংঘ
ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরাকের সেনাবাহিনী যখন সেদেশের অন্য নিরাপত্তা বাহিনীগুলোকে সঙ্গে নিয়ে মসুল উদ্ধার অভিযান চালাচ্ছে তখন জাতিসংঘের ইরাক সহযোগিতা মিশন- ইউএনএএমআই এ আহ্বান জানাল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৩, ২০১৬ ০৩:০৩ Asia/Dhaka
  • মসুলের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দেয়ার আহ্বান জানাল জাতিসংঘ

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহরের বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ইরাকের সেনাবাহিনী যখন সেদেশের অন্য নিরাপত্তা বাহিনীগুলোকে সঙ্গে নিয়ে মসুল উদ্ধার অভিযান চালাচ্ছে তখন জাতিসংঘের ইরাক সহযোগিতা মিশন- ইউএনএএমআই এ আহ্বান জানাল।

ইউএনএএমআই’র মানবাধিকার দপ্তর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের নিয়ন্ত্রণে থাকা মসুলের বেসামরিক জনগণের ওপর সন্ত্রাসীরা ভয়াবহ পাশবিকতা চালাচ্ছে বলে তাদের কাছে খবর এসেছে। এসব পাশবিকতার মধ্যে রয়েছে, হত্যা, গুম, ধর্ষণ, যৌন দাসত্বে বাধ্য করা এবং জনগণের অবাধ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি। এর পাশাপাশি মাত্র ১১ বছর বয়সি শিশুদেরকে পর্যন্ত নিজেদের সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দিতে বাধ্য করছে দায়েশ জঙ্গিরা।

বিবৃতিতে মসুল মুক্ত করার অভিযান চলাকালে বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা করার জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, এ অভিযানের সময় সামরিক দিকের চেয়ে মানবিক দিককে বেশি প্রাধান্য দিতে হবে।

ইরাকের প্রধানমন্ত্রী এবাদি এবং কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট মাসুদ বারজানি মসুল অভিযানের সময় সেনাবাহিনীকে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা দেয়ার যে নির্দেশ দিয়েছেন জাতিসংঘের বিবৃতিতে তার প্রশংসা করা হয়েছে।

এদিকে মসুলের যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, ইরাকি সেনাবাহিনী দায়েশ বিরোধী যুদ্ধে আরো সাফল্য পেয়েছে। শনিবার মসুলের পূর্বদিকে অবস্থিত ‘সালাম’ এলাকা দায়েশমুক্ত হয়েছে। এ অভিযানে ৩০ জঙ্গি হতাহত হয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩