টানা চতুর্থ দিনের মতো ট্রাম্প-বিরোধী বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i25588-টানা_চতুর্থ_দিনের_মতো_ট্রাম্প_বিরোধী_বিক্ষোভ
আমেরিকা জুড়ে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। "আমার প্রেসিডেন্ট নন" স্লোগানের মাধ্যমে নব-নির্বাচিত কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আমেরিকায় এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৩, ২০১৬ ১২:৪২ Asia/Dhaka

আমেরিকা জুড়ে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। "আমার প্রেসিডেন্ট নন" স্লোগানের মাধ্যমে নব-নির্বাচিত কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আমেরিকায় এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে।

আমেরিকার পশ্চিমাঞ্চলীয় অরগেন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে গত শুক্রবার রাতে ট্রাম্প বিরোধী মিছিলে এক বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হওয়ার জেরে পরের দিন শনিবার দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবারের বিক্ষোভে কেউ কেউ গাড়ি ভাংচুর করেন এবং অফিস আদালতের জানালায় ইটপাটকেল নিক্ষেপ করেন। বিক্ষোভকারীদের ছত্রভ্ঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।

টানা চতুর্থ দিনের মতো ট্রাম্প-বিরোধী বিক্ষোভ

এদিকে, গত বুধবার থেকে ডোনাল্ড ট্রাম্পের নিজ শহর নিউইয়র্কেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ মিছিল হয়ে আসছে। এর আগের দিন মঙ্গলবারের নির্বাচনে  ভোটের সংখ্যার দিক দিয়ে (পপুলার ভোট) ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন বেশি ভোট পেলেও ইলেকটোরাল ভোট বেশি পেয়ে জিতে গেছেন ট্রাম্প।

ফেইসবুকে দশ হাজারের বেশি লোকের ভাষ্য থেকে জানা গেছে, আগামী রোববার ছুটির দিনে দুপুরে নিউইয়র্কের ইউনিয়ন স্কয়ার থেকে ট্রাম্প টাওয়ার পর্যন্ত  বিশাল বিক্ষোভের পরিকল্পনা করছেন বিক্ষোভকারীরা। নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ট্রাম্প টাওয়ারেই নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন এবং তার কর্পোরেট দফতর রয়েছে। 

টানা চতুর্থ দিনের মতো ট্রাম্প-বিরোধী বিক্ষোভ

এছাড়া, নারীদের প্রতি বিতর্কিত মন্তব্য করার জন্য নব-নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার দিন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 'লাখো নারীর মিছিল' অনুষ্ঠিত হওয়ার পরিকল্পণা চলছে বলেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩