৩৭ বছরের মার্কিন ঐতিহ্য ভাঙলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i27325-৩৭_বছরের_মার্কিন_ঐতিহ্য_ভাঙলেন_ট্রাম্প
৩৭ বছরের মার্কিন নীতি লঙ্ঘন করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সরাসরি কথা বলেছেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে আমেরিকা এবং তখন থেকে দু’পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে সব ধরনের যোগাযোগ বন্ধ ছিল।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ডিসেম্বর ০৩, ২০১৬ ০৩:৪৫ Asia/Dhaka
  • ৩৭ বছরের মার্কিন ঐতিহ্য ভাঙলেন ট্রাম্প

৩৭ বছরের মার্কিন নীতি লঙ্ঘন করে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সরাসরি কথা বলেছেন আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করে আমেরিকা এবং তখন থেকে দু’পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে সব ধরনের যোগাযোগ বন্ধ ছিল।

ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার এক টেলিফোন সংলাপে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছেন ট্রাম্প ও ইং-ওয়েন।

বিশ্লেষকরা মনে করছেন, এ বিষয়টি নিঃসন্দেহে চীনকে ক্ষুব্ধ করবে কারণ, বেইজিং তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। তাইওয়ানের দিকে শত শত ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে চীন এবং প্রয়োজনে যেকোনো সময় বলপ্রয়োগের মাধ্যমে এটিকে নিজ ভূখণ্ডের অন্তর্ভুক্ত করারও হুমকি দিয়ে রেখেছে বেইজিং।

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের টেলিফোনালাপের ব্যাপারে এখনো চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

 তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন

ডোনাল্ড ট্রাম্পের টিম আরো জানিয়েছে, গত জানুয়ারির নির্বাচনে তাইওয়ানের প্রেসিডেন্ট হওয়ায় মিসেস সাইকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। ওই নির্বাচনে ডেমোক্র্যাটিভ প্রগ্রেসিভ পার্টি থেকে ৫৯ বছর বয়সি সাই তাইওয়ানের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার দল চীন থেকে তাইওয়ানকে পুরোপুরি স্বাধীন করার পক্ষে আন্দোলন করছে।

বেইজিং’র ‘এক চীন’ নীতির প্রতি সমর্থন জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৭৯ সালে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। চীন এ সংকট নিরসনে হং কং’র মতো ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুসরণ করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে মার্কিন সরকার তাইওয়ানের সঙ্গে ‘অনানুষ্ঠানিক বন্ধুত্বপূর্ণ’ সম্পর্ক বজায় রেখেছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩