পুতিনপন্থি কর্মকর্তা হচ্ছেন পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী!
https://parstoday.ir/bn/news/world-i27946-পুতিনপন্থি_কর্মকর্তা_হচ্ছেন_পরবর্তী_মার্কিন_পররাষ্ট্রমন্ত্রী!
আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির তেল ও গ্যাস কর্পোরেশন এক্সনমোবিল’র সিইও রেক্স টিলারসনকে তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন বলে খবর বেরিয়েছে। টিলারসন আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়ার প্রতি সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে পরিচিত।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৬ ০৬:০৬ Asia/Dhaka
  • রেক্স টিলারসন
    রেক্স টিলারসন

আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির তেল ও গ্যাস কর্পোরেশন এক্সনমোবিল’র সিইও রেক্স টিলারসনকে তার প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে পারেন বলে খবর বেরিয়েছে। টিলারসন আমেরিকার চির প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়ার প্রতি সহানুভূতিশীল ব্যক্তি হিসেবে পরিচিত।

তাকে সম্ভাব্য নিয়োগ দেয়ার বিষয়ে খবর প্রচার করেছে মার্কিন টিভি চ্যানেল এনবিসি। তবে ট্রাম্পের রাজনৈতিক টিমের মুখপাত্র জ্যাসন মিলার এ খবরের সত্যতা স্বীকার বা অস্বীকার না করে বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর পদে কাকে নিয়োগ দেয়া হবে তা অন্তত আগামী সপ্তাহের আগে ঘোষণা করা হবে না।

টিলারসন ২০১১ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমেরিকার ৫০,০০০ কোটি ডলারের জ্বালানী চুক্তি সই করতে প্রধান ভূমিকা পালন করেন। পরের বছর রাশিয়া তাকে ‘রাশিয়ান অর্ডার অব ফ্রেন্ডশিপ’ পদকে ভূষিত করে। রাশিয়ার নাগরিক নয় এমন ব্যক্তিদেরকে মস্কোর পক্ষ থেকে দেয়া সর্বোচ্চ সম্মানজনক পদক এটি।

জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টনকে টিলারসনের ডেপুটি হিসেবে নিয়োগ দেয়া হতে পারে বলেও এনবিসি জানিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১