বায়ু দূষণের কারণে বেইজিংয়ে রেড অ্যালার্ট জারি
https://parstoday.ir/bn/news/world-i28336-বায়ু_দূষণের_কারণে_বেইজিংয়ে_রেড_অ্যালার্ট_জারি
ভয়াবহ বায়ু দূষণের কারণে চীনের রাজধানী বেইজিংয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। চলতি বছর এই প্রথমবারের মতো বেইজিংয়ে বায়ু দূষণের জন্য রেড অ্যালার্ট জারি করা হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৬ ১৫:১০ Asia/Dhaka
  • বেইজিংয়ে বায়ু দূষণ (১৮ নভেম্বরের ছবি)
    বেইজিংয়ে বায়ু দূষণ (১৮ নভেম্বরের ছবি)

ভয়াবহ বায়ু দূষণের কারণে চীনের রাজধানী বেইজিংয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। চলতি বছর এই প্রথমবারের মতো বেইজিংয়ে বায়ু দূষণের জন্য রেড অ্যালার্ট জারি করা হলো।

আগামীকাল (শুক্রবার) স্থানীয় সময় রাত আটটা থেকে রেড অ্যালার্ট কার্যকর হবে এবং রাজধানীতে অর্ধেক প্রাইভেট কার চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বেইজিং পৌর কর্তৃপক্ষ গত সোমবার থেকে রাজধানীতে নির্মাণ স্থাপনাগুলো বন্ধের নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি কিছু শিল্প কারখানায় পণ্য উৎপাদনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে- বিরক্তিকর বায়ু দূষণ আরো পাঁচদিন স্থায়ী হতে পারে।

বেইজিংয়ের কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে তাদের সুবিধা মতো সময়সূচি বদল করে নিতে বলা হয়েছে এবং কিন্ডারগার্টেন, প্রাইমারি ও মাধ্যমিক স্কুল তাদের সুবিধা মতো সময়সূচি পরিবর্তন অথবা ক্লাস বন্ধ রাখতে পারে বলে পৌর কর্তৃপক্ষ নোটিশ জারি করেছে।

২০১৩ সাল থেকে চীন নতুন একটি আইন চালু করেছে যাতে বলা হয়েছে ঘন ধোঁয়াশার কারণে বায়ু দুষণ ৭২ ঘণ্টার বেশি স্থায়ী হলে তা কমানোর জন্য জরুরি ব্যবস্থা হিসেবে রেড অ্যালার্ট জারি করা হবে। গত বছরের ডিসেম্বর মাসে বেইজিংয়ে ঘন ধোঁয়ার কারণে মারাত্মক বায়ু দুষণ দেখা দিয়েছিল এবং সে সময় রেড অ্যালার্ট জারি করা হয়।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৫