দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত কয়েক দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, গত কয়েক দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি শাসকগোষ্ঠীর চালানো বর্বর হামলায় বেশ কয়েকজন লেবাননি নাগরিক হতাহত হয়েছেন এবং মানুষের বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়েছে। তিনি এসব হামলার তীব্র নিন্দা জানান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দখলদার ইসরায়েলের ধারাবাহিক হামলা লেবাননের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীরবতা ও উদাসীনতা ইসরায়েলকে আরও বেপরোয়া করে তুলেছে এবং এর ফলে তাদের আগ্রাসন ও অপরাধ অব্যাহত রয়েছে।
বাকায়ি আরও বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীকে সর্বাত্মক সমর্থন দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনকে লেবানন, অধিকৃত ফিলিস্তিন এবং পুরো অঞ্চলে ইসরায়েলি শাসকগোষ্ঠীর দ্বারা সংঘটিত সব অপরাধের সহযোগী ও অংশীদার হিসেবে বিবেচনা করা হয়।
বাকায়ি ইসরায়েলি আগ্রাসন ও দখলদারিত্বের বিরুদ্ধে লেবাননের জনগণের সাহসী প্রতিরোধ ও দৃঢ়তার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব, মর্যাদা ও স্বাধীনতা রক্ষার পথে লেবাননের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পূর্ণ সংহতি ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।#
পার্সটুডে/এমআরএইচ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।