ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল চীনা দৈনিক গ্লোবাল টাইমস
https://parstoday.ir/bn/news/world-i28972-ভারতের_প্রতি_হুঁশিয়ারি_উচ্চারণ_করল_চীনা_দৈনিক_গ্লোবাল_টাইমস
চীনের রাষ্ট্র পরিচালিত দৈনিক গ্লোবাল টাইমস কথিত দালাই লামা ‘কার্ড’ ব্যবহার না করার জন্য ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে ভারতকে ‘বখাটে সন্তানের’ মতো আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৬ ১০:৩৪ Asia/Dhaka
  • ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল চীনা দৈনিক গ্লোবাল টাইমস

চীনের রাষ্ট্র পরিচালিত দৈনিক গ্লোবাল টাইমস কথিত দালাই লামা ‘কার্ড’ ব্যবহার না করার জন্য ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এতে ভারতকে ‘বখাটে সন্তানের’ মতো আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বেইজিংয়ের ‘এক চীন নীতি’ চ্যালেঞ্জ করাকে কেন্দ্র করে মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি চীন যে আচরণ করেছে তা থেকে নয়াদিল্লিকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছে গ্লোবাল টাইমস।

গ্লোবাল টাইমস দাবি করেছে, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ -এমন ধারণার বশবর্তী হয়ে ভারত কখনো কখনো ‘বখাটে সন্তানের’ মতো আচরণ করে। ভারতের একটি মহান জাতিতে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে দৈনিকটি আরো দাবি করেছে, দেশটির অদূরদর্শী নীতি রয়েছে।

এতে আরো বলা হয়েছে, তাইওয়ানকে কেন্দ্র করে বেইজিং এবং ট্রাম্পের মধ্যে সম্প্রতি যেসব ঘটনা ঘটেছে তা থেকে ভারতের শিক্ষা নেয়া উচিত। এ বক্তব্যের মাধ্যমে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন সমুদ্রড্রোন আটকের ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।

চীনা প্রতিবাদ উপেক্ষা করে মঙ্গোলিয়া গত মাসে দালাই লামাকে আশ্রয় দেয়ায় দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। আর এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গোলিয়াকে নয়াদিল্লি একশ কোটি ডলার সমপরিমাণ সহযোগিতা মঞ্জুর করার পর এ নিবন্ধ প্রকাশ করে গ্লোবাল টাইমস।

এতে আরো বলা হয়, "স্পর্শকাতর বিষয়ে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আগে আমেরিকাও দ্বিতীয়বারের মতো চিন্তাভাবনা করে। কিন্তু সে ক্ষেত্রে ভারত এ ধরনের পদক্ষেপের সাহস কোথা থেকে পায়?"# 

পার্সটুডে/মূসা রেজা/২৩