জাতিসংঘকে আড্ডাস্থল বললেন ডোনাল্ড ট্রাম্প!
-
ডোনাল্ড ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘকে আড্ডাস্থল হিসেবে অভিহিত করেছেন। তিনি এক টুইটার বার্তায় বলেছেন, জাতিসংঘ এখন হেসেখেলে সময় কাটানোর ক্লাবে পরিণত হয়েছে। আজ (মঙ্গলবার) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়ে নিরাপত্তা পরিষদ প্রস্তাব পাস করার কারণে তিনি জাতিসংঘের ওপর চটেছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে ট্রাম্প লিখেছেন, "চাইলে অনেক কিছু করার ক্ষমতা আছে জাতিসংঘের। কিন্তু এখন জাতিসংঘ এমন এক ক্লাবে পরিণত হয়েছে যেখানে মানুষ জড়ো হয় এবং গল্প ও হেসেখেলে সময় কাটিয়ে দেয়।"
ফিলিস্তিনিদের কাছ থেকে দখলে নেয়া ভূখণ্ডে ইহুদিবাদীদের জন্য বসতি নির্মাণ করে যাচ্ছে ইসরাইল। এ পর্যন্ত হাজার হাজার বাড়ি নির্মাণ করা হয়েছে মুসলমানদের ভূখণ্ডে। এ বিষয়ে আমেরিকা সব সময় সবুজ সংকেত দিয়ে এলেও সম্প্রতি জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ইসরাইল-বিরোধী প্রস্তাব পাস হওয়ার সুযোগ দিয়েছে।
ওবামার নেতৃত্বাধীন আমেরিকা এ প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয়নি।কিন্তু নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব পাস হওয়ায় ক্ষুব্ধ হয়েছেন। এর আগেও তিনি জাতিসংঘের সমালোচনা করেছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭