আইসিবিএম পরীক্ষা নিয়ে উ. কোরিয়াকে হুঁশিয়ার করল আমেরিকা
আমেরিকা, যে কোনো উসকানি মূলক তৎপরতা গ্রহণের বিরুদ্ধে উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে। দেশটির আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছে বলে খবর প্রচারিত হওয়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো।
আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম পরীক্ষা চালানোর চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে উত্তর কোরিয়ার নেতা জিম জং-উন দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই এ হুঁশিয়ারি উচ্চারণ করল আমেরিকা।
পেন্টাগনের দেয়া কঠোর বিবৃতিতে এমন পদক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করার এবং এ জাতীয় পদক্ষেপের মারাত্মক ফলাফল রয়েছে তা উত্তর কোরিয়ারকে বুঝিয়ে দেয়ার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে পিয়ংইয়ংকে ধৈর্য ধরার এবং আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি তীব্র উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছে পেন্টাগন । পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে নেয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একগুচ্ছ প্রস্তাবের কথাও স্মরণ করিয়ে দিয়েছে পেন্টাগন।
অবশ্য নিজের আত্মরক্ষা কথা বলে এ জাতীয় প্রস্তাব উপেক্ষা করে পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে উত্তর কোরিয়া।#
পার্সটুডে/মূসা রেজা/২