নাইটক্লাবে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে তুর্কি পুলিশ
https://parstoday.ir/bn/news/world-i29929-নাইটক্লাবে_সন্দেহভাজন_হামলাকারীর_ছবি_প্রকাশ_করেছে_তুর্কি_পুলিশ
তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি নাইটক্লাবে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে দেশটির সন্ত্রাস-বিরোধী পুলিশ। ইংরেজি নববর্ষের রাতে চালানো ওই ভয়াবহ হামলায় ৩৯ জন নিহত ও ৬৯ ব্যক্তি আহত হয়। হতাহতদের অনেকেই ছিল বিদেশি পর্যটক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৭ ০৪:০২ Asia/Dhaka
  • নাইটক্লাবে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে তুর্কি পুলিশ

তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি নাইটক্লাবে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে দেশটির সন্ত্রাস-বিরোধী পুলিশ। ইংরেজি নববর্ষের রাতে চালানো ওই ভয়াবহ হামলায় ৩৯ জন নিহত ও ৬৯ ব্যক্তি আহত হয়। হতাহতদের অনেকেই ছিল বিদেশি পর্যটক।

তুরস্কের রাষ্ট্র-নিয়ন্ত্রিত আনাদোলু বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ক্যামেরায় অনেক আগে তোলা ভিডিও থেকে এ ছবি নেয়া হয়েছে।  তুর্কি টেলিভিশন চ্যানেলগুলোতেও এ ছবি প্রচার করে বলা হয়েছে, এই ব্যক্তিই নববর্ষের রাতে নাইটক্লাবে হামলা চালিয়েছে।

এ ছাড়া, হামলার সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ঘাতকের অস্পষ্ট ছবিও প্রকাশ করেছে তুর্কি পুলিশ।

পুলিশ এ পর্যন্ত ওই হামলায় জড়িত থাকার দায়ে সন্দেহভাজন আট ব্যক্তিকে আটক করেছে।  এ ছাড়া, সোমবার রাতে ইস্তাম্বুলের জেইতিনবুরনু এলাকার একটি বাড়িতেও হানা দেয় পুলিশ।  তবে সেখান থেকে কোনো প্রমাণ সংগ্রহ বা কাউকে আটক করা হয়েছে কিনা তা জানা যায়নি।

সন্দেহভাজন হামলাকারীর ছবি টিভি চ্যানেলগুলোতেও প্রচার করা হয়

রোববার মধ্যরাতের পর সান্তা ক্লজের পোশাক পরে এক বন্দুকধারী বসফরাস প্রণালীর তীরে অবস্থিত ‘রেইনা’ নাইট ক্লাবে হামলা চালায়।  অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে সে নির্বিচারে গুলি চালিয়ে শতাধিক ব্যক্তিকে হতাহত করে পালিয়ে যায়। সোমবার উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ওই হামলার দায় স্বীকার করে।  

তুরস্কে ২০১৬ সালে এ ধরনের বেশ কিছু ভয়াবহ হামলার ঘটনা ঘটে।  কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকে অথবা উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ এসব হামলার দায় স্বীকার করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩